বাল্যবিবাহে সহযোগিতার দায়ে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়ায় বাল্যবিবাহে সহযোগিতা করার দায়ে নূরজাহান (৩৪) নামের এক নারীকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
নূরজাহান উপজেলার মাদার্শা আশ্রয়ণ প্রকল্প এলাকার আবুল কালামের স্ত্রী।
সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) এমরান হোসেন বলেন, নূরজাহান তাঁর বাড়িতে সাতকানিয়ার চরতি এলাকার এক কিশোরের (১৭) সঙ্গে চন্দনাইশের এক কিশোরীর (১৫) বিয়ের আয়োজন করছেন—এমন অভিযোগের ভিত্তিতে গত বুধবার রাতে অভিযান চালিয়ে নূরজাহান, ওই কিশোর ও কিশোরীকে আটক করা হয়। পরে ওই কিশোর ও কিশোরীর অভিভাবকদের থানায় ডেকে আনা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ উল্যাহ তাঁর কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিবাহে সহযোগিতার দায়ে নূরজাহানকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। তা ছাড়া বাল্যবিবাহে সম্মতি থাকায় ওই কিশোর ও কিশোরীর অভিভাবকদের এক হাজার টাকা করে জরিমানা করেন।
ইউএনও মোহাম্মদ উল্যাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।