বাল্যবিবাহে সহায়তা করায় দুজনের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘিতে বাল্যবিবাহে সহায়তা করার অপরাধে দুজনকে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার তাঁদের এ দণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন কনের চাচা উপজেলার শাওইল গ্রামের এনামুল হক (৩৫) ও বরের ভগ্নিপতি শফিক উদ্দীন (৪০)।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে উপজেলার শাওইল গ্রামের ১২ বছর বয়সের এক মেয়ের সঙ্গে একই উপজেলার মুরুইল বাজারের ১৫ বছরের এক ছেলের বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে ওই রাতেই আদমদীঘি থানার কয়েকজন পুলিশ ওই গ্রামে গিয়ে বিয়ের কাজে সহায়তা করার অভিযোগে এনামুল ও শফিককে আটক করে থানায় নিয়ে আসে। পরদিন সকালে তারা তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মনজুর অভিযোগ শুনে তাঁদের কারাদণ্ড দেন। গতকালই তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।