বাল্যবিবাহের অপরাধে বর কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর পৌর এলাকায় গত শুক্রবার রাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাল্যবিবাহ পণ্ড হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বরসহ চারজনকে জেল ও জরিমানা করেছেন আদালত। জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম দেবাংশু কুমার সিংহ এ সাজা দেন।
দণ্ড পাওয়া ব্যক্তিদের মধ্যে বর কফিল মিয়াকে (২৩) দুই সপ্তাহের বিনাশ্রম কারাদণ্ড, তাঁর বাবা মোকছেদ আলীকে এক হাজার টাকা, মেয়ের বাবাকে এক হাজার টাকা ও মাকে পাঁচ শ টাকা জরিমানা করা হয়। শুক্রবার রাতেই কফিল মিয়াকে কারাগারে পাঠানো হয়েছে।
জেলা প্রশাসন সূত্র জানায়, ওই মেয়ে দশম শ্রেণির শিক্ষার্থী। ছেলে কফিল মিয়া কৃষি শ্রমিক। শুক্রবার রাতে তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল। সে অনুযায়ী মেয়ের বাড়িতে সব আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম দেবাংশু কুমার সিংহ প্রশাসনের লোকজনসহ রাত আটটার দিকে সেখানে যান। সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিয়ে পণ্ড করে দেওয়া হয়। এ সময় আদালত বাল্যবিবাহ নিরোধ আইনে বরসহ চারজনকে সাজা দেন এবং জরিমানা করেন।