বাল্যবিবাহের অপরাধে বরের বাবাসহ দুজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে বাল্যবিবাহ দেওয়ার অপরাধে বরের বাবাসহ দুজনকে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবেত আলী ওই দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন জেলা সদরের গোড়গ্রাম ইউনিয়নের কিত্তনীয়া পাড়া গ্রামের বাসিন্দা ও বরের বাবা শামসুদ্দিন আহমেদ (৫৫) ও বরের ভগ্নিপতি সদর উপজেলার টুপামারী ইউনিয়নের দোগাছি গ্রামের ফারুক হোসেন (২৮)। মেয়ের বাবা ও নিকাহ রেজিস্ট্রার পলাতক।
পুলিশ জানায়, গত শুক্রবার রাতে জেলা সদরের খোকশাবাড়ি ইউনিয়নের দোলাপাড়া গ্রামে ১৪ বছর বয়সী একটি মেয়ের বিয়ের আয়োজন হয়। বর রুবেল আহমেদকে নিয়ে বরযাত্রীরা হাজির হন মেয়ের বাড়িতে। এ খবরে সেখানে পুলিশ পাঠান ইউএনও। বর ও কনে পরিবারের লোকজন বিয়ে না দেওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু পুলিশ চলে গেলে রাত ১১টার দিকে ওই বিয়ে সম্পন্ন করে দুই পরিবার।
ঘটনা শুনে ইউএনওর নির্দেশে বরের বাবা ও ভগ্নিপতিকে আটক করে পুলিশ। পরে তাঁদের দুজনের ১৫ দিন করে কারাদণ্ড দেন ভ্রাম্যমান আদালত। গত শনিবার নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়।