বাল্যবিবাহের অভিশাপ আত্মাহুতি দিয়ে মুক্তি
আত্মাহুতি দিয়ে বাল্যবিবাহের অভিশাপ থেকে মুক্তি পেয়েছে একটি শিশু। তার নাম তাসলিমা খাতুন (১৩)। সে বগুড়ার ধুনট উপজেলার বেলকুচি গ্রামের সোলায়মান আলীর মেয়ে।অভিযোগ উঠেছে, স্বামীর ঘরে যেতে পারিবারিক চাপ সইতে না পেরে তাসলিমা খাতুন গতকাল বুধবার আত্মহত্যা করে। এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।থানার পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ২০০৯ সালে উপজেলার ভানডাঙ্গা গ্রামের ছইমুদ্দীনের ছেলে আনোয়ার হোসেনের (২০) সঙ্গে বেলকুচি গ্রামের সোলায়মান আলীর মেয়ে তাসলিমা খাতুনের বিয়ে হয়। ওই সময় তাসলিমা খাতুন বেলকুচি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিল। লেখাপড়ার প্রতি ছিল তার অদম্য আগ্রহ। এ কারণে এ বিয়েতে তার সম্মতি ছিল না। এর পরও পরিবারের চাপের মুখে তাকে কয়েকবার শ্বশুরবাড়ি যেতে হয়েছে। স্বামী আনোয়ার হোসেন ঢাকায় একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করেন। গত সোমবার তাসলিমার বড় বোনের বিয়ে অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে স্বামী, শাশুড়িসহ শ্বশুরবাড়ির লোকজন তাদের বাড়িতে আসেন। বিয়ে অনুষ্ঠান শেষে তাসলিমাকে তার স্বামীর বাড়ি যেতে বলা হয়। এতে তাসলিমা রাজি না হওয়ায় পরিবারের লোকজন তাকে শাসন করে। একপর্যায়ে পারিবারিকভাবে তাকে জোর করে স্বামীর বাড়িতে পাঠানোর সিদ্ধান্ত হয়। তাদের এই সিদ্ধান্ত মেনে নিতে না পেরে গতকাল বুধবার সকাল ছয়টায় বাবার বাড়িতে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।বিদ্যালয়ের সহকারী শিক্ষক মঞ্জুয়ারা খাতুন বলেন, ২০০৯ সালে তাঁর বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে পড়ার সময় তাসলিমা খাতুনের বিয়ে হয়। সোলায়মান আলী জানান, তাঁর মেয়ে তাসলিমা খাতুন অ্যাপেন্ডিসাইটিস রোগে আক্রান্ত ছিল। কয়েক মাস আগে তার অস্ত্রোপচার করা হয়েছে। কিন্তু ভালো না হওয়ায় রোগযন্ত্রণা সইতে না পেরে সে আত্মহত্যা করেছে। স্বামী আনোয়ার হোসেন জানান, বিয়ের পর থেকে তাসলিমা তাকে মেনে নিতে পারেনি। এ কারণে তাদের পারিবারিক জীবন সুখের ছিল না। বেশির ভাগ সময় তাসলিমা শারীরিকভাবে অসুস্থ থাকত। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, আত্মহত্যার বিষয়টি নিশ্চিত হয়ে তাসলিমার মৃতদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। পারিবারিকভাবে অভিযোগ না থাকায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।