বাল্যবিবাহের আয়োজন, কনের বাবা ও বরের চাচার জেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সদর উপজেলায় বাল্যবিবাহের আয়োজন করার অপরাধে বরের চাচা ও কনের বাবাকে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও হাকিম মো. সাবেত আলী তাঁদের ওই দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন কনের বাবা সদর উপজেলার দক্ষিণ চওড়া মনিপাড়া গ্রামের মিজানুর রহমান (৫০) ও বরের চাচা নিত্যানন্দী গ্রামের সুলতান আলী (৪৮)।
পুলিশ জানায়, গত শুক্রবার রাতে নিত্যানন্দী গ্রামের সোবাহান আলীর ছেলে মাসুমের (২০) সঙ্গে মিজানুর রহমানের এক মেয়ের (১৩) বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে পুলিশ বিয়ের আসর থেকে মাসুম, সুলতান আলী এবং মিজানুর রহমানকে আটক করে।
গতকাল দুপুরে আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় নির্বাহী হাকিম সাবেত আলী কনের বাবা মিজানুর রহমান ও বরের চাচা সুলতান আলীকে ১৫ দিন করে কারাদণ্ড দেন। পরে বর মাসুমকে ছেড়ে দেওয়া হয়।