বাল্যবিবাহের আসর থেকে বরপক্ষের পলায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সুজানগর উপজেলার তাঁতিবন্ধ গ্রামে গত সোমবার বিয়ের আসর থেকে পালিয়ে গেছে বরপক্ষ। বাল্যবিবাহের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পুলিশ নিয়ে হাজির হলে তারা পালিয়ে যায়। গ্রামবাসী ও পুলিশ জানায়, মেয়েটি তাঁতিবন্ধ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে পড়ে। পার্শ্ববর্তী সাতবাড়ীয়া গ্রামের জহর আলী শেখের ছেলে রকিব উদ্দিনের (২০) সঙ্গে মেয়েটির বিয়ে ঠিক করে তার পরিবার। সোমবার বিয়ের দিন ধার্য করে গ্রামবাসীকে দাওয়াত করেন মেয়েটির বাবা। পরে বিষয়টি জানতে পেরে ইউএনও এইচ এম নুরুল ইসলাম পুলিশ নিয়ে সেখানে হাজির হয়ে বিয়ে বন্ধ করে দেন। ইউএনও এইচ এম নুরুল ইসলাম প্রথম আলোকে জানান, ‘বিয়ের আনুষ্ঠানিকতা প্রায় শেষ মুহূর্তে। এমন সময় বিষয়টি জানতে পেরে মেয়েটির বাড়িতে যাই। পরিবারের সদস্যদের বাল্যবিবাহের কুফল সম্পর্কে বুঝিয়ে বলি। প্রথম দিকে মেয়ের পরিবারের সদস্যরা বিয়ে ভাঙতে রাজি হচ্ছিলেন না। যখন তাঁরা বুঝতে পারলেন, তখন বিয়েটা বন্ধ করে দিলেন।’ এ প্রসঙ্গে মেয়েটির বাবা প্রথম আলোকে বলেন, ‘আমরা গরিব মানুষ। তাই যৌতুক ছাড়া ছেলে পায়া মিয়েডাক বিয়ে দিবের চাইছলেম। ছোটকালে বিয়ে দিলি যে ক্ষতি হয়, তা জানতেম না। এহন বিয়েডা ভাঙ্গে গেলেও মনে হচ্ছে ভালোই হইচে।’