বাল্যবিবাহের আয়োজন, বর ও কনের বাবাকে দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার ভবানীপুর গ্রামে বাল্যবিবাহের আয়োজন করার দায়ে বর ও কনের বাবাকে পাঁচ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার বেলা আড়াইটার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম ফেরদৌসী আক্তার এ দণ্ড দেন।
ভ্রাম্যমাণ আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল ভবানীপুর গ্রামের সফিউল্লাহ মিয়ার ১৪ বছরের মেয়ের সঙ্গে পাশের সিমনা গ্রামের খুরশিদ মিয়ার ১৮ বছরের ছেলের বিয়ের আয়োজন করা হয়। দুপুরে বরযাত্রীদের অনেকে কনের বাড়িতে আসেন। স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পেরে বর আসার আগেই কনের বাড়িতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফেরদৌসী আক্তার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা মকবুল, উপজেলা মহিলা-বিষয়ক কর্মকর্তা রোজিনা আরজুসহ নারীনেত্রীরা উপস্থিত হন। তাঁরা বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দিয়ে কনে ও বরের বাবাকে উপজেলা পরিষদে নিয়ে যান। সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁদের দণ্ড দেওয়া হয়।