বাল্যবিবাহের আয়োজন, বরসহ তিনজনের দণ্ড
দিনাজপুরের পার্বতীপুর পৌর এলাকায় বাল্যবিবাহ দেওয়ার চেষ্টার অপরাধে তিনজনকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার রাতে উপজেলার আমেরিকান ক্যাম্প বস্তিতে এই ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন বর পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নের সিংগিমারী উত্তর দরিখামার গ্রামের মমিনুল ইসলাম (১৮), তাঁর নানা ময়েজ উদ্দিন (৭০) ও কনের মামা আমজাদ হোসেন (৪৫)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার রাতে ক্যাম্পের বাসিন্দা মো. বাদশার মেয়ে ও সপ্তম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে মমিনুলের বিয়ের আয়োজন করা হয়। বাল্যবিবাহ আয়োজনের খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে রাত ১০টার দিকে অভিযান চালায়। হঠাৎ পুলিশ দেখে বর ও কনের বাবা এবং বিয়ের কাজি পালিয়ে যান। কিন্তু বর, তাঁর নানা ও কনের মামাকে ধরে ফেলে পুলিশ।
শনিবার রাতেই ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহেনুল ইসলাম বর ও কনের মামাকে ১৫ দিন করে কারাদণ্ড দেন। আর বরের নানাকে ৫০০ টাকা জরিমানা করা হয়।