বাল্যবিবাহের কাজি!
রংপুরের বদরগঞ্জে এক নিকাহ নিবন্ধকের (কাজি) বিরুদ্ধে পাঁচ মাসে অর্ধশতাধিক বাল্যবিবাহ নিবন্ধন করার অভিযোগ উঠেছে। এর মধ্যে উপজেলার মাধ্যমিক পর্যায়ের একটি শিক্ষাপ্রতিষ্ঠানেরই ২১ জন শিক্ষার্থী রয়েছে।
অভিযোগ পাওয়া গেছে, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত উপজেলার আফতাবগঞ্জ দাখিল মাদ্রাসার ২১ জন শিক্ষার্থীর বাল্যবিবাহ হয়েছে। এদের সবার বয়স ১২ থেকে ১৫ বছর এবং ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ছাত্রী। সব বিয়ে নিবন্ধন করেছেন উপজেলার দামোদরপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত নিকাহ নিবন্ধক আবু মুছা। সব মিলিয়ে তিনি এ সময়ে উপজেলায় অর্ধশতাধিক বাল্যবিবাহ নিবন্ধন করেছেন।
মাদ্রাসার সুপার আবদুল আহাদ সরকার বলেন, ‘পাঁচ মাসে আমার মাদ্রাসার ২১ জন শিক্ষার্থীর বিয়ে হয়ে গেছে। অভিভাবকেরা আমাদের না জানিয়ে মেয়ে বিয়ে দিচ্ছেন। আবু মুছা ছাত্রীদের ওই বিয়েগুলো নিবন্ধন করেছেন বলে জানতে পেরেছি। বিষয়টি ২২ জুলাই আমি ইউএনওকে জানিয়েছি।’
আবু মুছা বলেন, ‘আমি বাল্যবিবাহ নিবন্ধন করি না। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। অভিভাবকেরা বিয়ের সব আয়োজন সম্পন্ন করে আমাদের ডেকে নিবন্ধন করার জন্য পীড়াপীড়ি করেন। বয়স প্রমাণে এফিডেভিট দেখান। তখন আর করার কিছু থাকে না।’
বদরগঞ্জের ইউএনও খন্দকার ইসতিয়াক আহমেঞ্চদ বলেন, ‘বাল্যবিবাহ নিবন্ধনের ঘটনা অনুসন্ধানে ২৩ জুলাই তদন্ত কমিটি গঠন করে দিয়েছি। উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রোকসানা বানু হাবিব তা তদন্ত করে ৩১ জুলাই প্রতিবেদন দাখিল করবেন। এরপর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’