
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ৫৪ জন শিক্ষার্থী জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসি) ও জেডিসি পরীক্ষা দিচ্ছে না। ওই সব শিক্ষার্থীর মধ্যে ৩৫ জন মেয়ের বাল্যবিবাহ হয়ে যাওয়ায় তারা পরীক্ষা দিতে পারছে না বলে জানা গেছে। গতকাল রোববার নিকলী জেএসসি পরীক্ষাকেন্দ্র সূত্রে ওই তথ্য জানা গেছে।
এদিকে টাঙ্গাইলের সখীপুর উপজেলায় জেএসসি পরীক্ষার পাঁচটি কেন্দ্রে ৫৬ জন পরীক্ষায় অংশ নেয়নি। এদের মধ্যে ৪৫ জন মেয়ে। এদের মধ্যে ৪১ জনের বাল্যবিবাহ হয়ে যাওয়ার কারণে শিক্ষাজীবন থেমে গেছে। গতকাল সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকদের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া যায়।
নিকলী জেএসসি পরীক্ষাকেন্দ্র সূত্রে জানা যায়, এবার উপজেলায় জেএসসি ও জেডিসি পরীক্ষার জন্য নিবন্ধন করে ১ হাজার ৮৫১ জন শিক্ষার্থী। এর মধ্যে সাতটি বিদ্যালয়ের ২৫ জন ছাত্রী পরীক্ষা দিচ্ছে না। আর পাঁচটি মাদ্রাসার মধ্যে ১০ জন্য জেডিসি পরীক্ষায় অংশ নেয়নি।
উপজেলার জারুইতলা ইউনিয়ন রসুলপুর হানিফ ভূঞা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান বলেন, তাঁর বিদ্যালয়ের পাঁচজন জেএসসি পরীক্ষার্থী অনুপস্থিত। পাঁচজনেরই বিয়ে হয়ে গেছে।
ছাতিরচর ইউনিয়নের ছাতিচর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুল আমিন চৌধুরী বলেন, বিদ্যালয়ের তিনজন ছাত্রীর দুই মাস আগে বাল্যবিবাহ হওয়ার তারা পরীক্ষায় অংশ নেয়নি।
নিকলী শহীদ স্মরণিকা বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক রতীন্দ্রচন্দ্র চক্রবর্তী বলেন, বাল্যবিবাহের কারণে বিদ্যালয়ের ১০ জন ছাত্রী পরীক্ষা দিচ্ছে না। এমনকি তারা প্রবেশপত্রও নেয়নি।
মোহরকোনা আশরাফিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাহবুব রহমান বলেন, জেডিসি পরীক্ষায় মাদ্রাসার ১০ জন মেয়ে অনুপস্থিত।
সিংপুরের এক শিক্ষার্থীর বাবা বলেন, ‘বাল্যবিবাহ কী এটা বুঝি না। মেয়ে বড় হয়েছে, বিয়ে দিয়েছি।’
দামপাড়া ইউনিয়নের এক শিক্ষার্থীর বাবা বলেন, ‘কী হবে লেখাপড়া করে? পরে তো গিরসতির কাজই করুন লাগব। তাই আগেই বিয়ে দিয়েছি।’
নিকলী জেএসসি পরীক্ষাকেন্দ্রের সচিব দামপাড়া কারার মাহতাব উদ্দিন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন বলেন, এসব ঘটনার মূল কারণ অভিভাবকদের অশিক্ষা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মুঠোফোনে বলেন, যে বাল্যবিবাহগুলো হয়েছে, সেগুলো গোপনে হয়েছে। পরীক্ষার পর শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের নিয়ে বাল্যবিবাহের বিরুদ্ধে ও এর কুফল সম্পর্কে একটি সমাবেশ করা হবে বলে জানান তিনি।
টাঙ্গাইলের সখীপুর উপজেলার জেএসসি মূল কেন্দ্রে খোঁজ নিয়ে জানা যায়, এবার উপজেলায় ৩ হাজার ৪১৩ জন শিক্ষার্থীর জেএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা। উপজেলার ৪৯টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ১৭টি বিদ্যালয়ের ৪৫ জন মেয়ে গতকালের বাংলা পরীক্ষায় অংশ নেয়নি। ওই সব বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে আলাপ করে জানা যায়, বাল্যবিবাহের কারণে ৪১ জন আর পরীক্ষার প্রস্তুতি না থাকায় বাকি চারজন পরীক্ষায় অংশ নেয়নি।
উপজেলার সাড়াশিয়া-বাশারচালা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কুদ্দুস বলেন, বিদ্যালয়ের দুজন শিক্ষার্থীর বিয়ে হওয়ার কারণে পড়াশোনা বন্ধ হয়ে গেছে।
শুরীরচালা আবদুল হামিদ চৌধুরী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কফিল উদ্দিন বলেন, বিদ্যালয়ের দুজন ছাত্রী সকাল পর্যন্ত প্রবেশপত্র বুঝে নেয়নি। তখন বিভিন্ন শিক্ষকের মাধ্যমে খোঁজ নিয়ে জানতে পারেন, বিয়ের কারণে তারা আর পড়াশোনা করবে না।
সাড়াশিয়া গ্রামের এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, ‘আমি গরিব মানুষ, ভালো ছেলে পেলাম তাই মেয়েকে বিয়ে দিয়েছি। বিয়ের সময় ছেলেপক্ষ বলেছিল তারা পড়াবে। এখন তারা বলছে আমার মেয়েকে আর পড়াবে না।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম বলেন, বিদ্যালয়ের শিক্ষকেরা একটু সচেতন হলে বাল্যবিবাহ অনেকটাই কমে যাবে।