বাল্যবিবাহের কারণে ঝরে পড়ছে সহস্রাধিক ছাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পড়াশোনার খুব ইচ্ছা ছিল। আমার বাবা আমাকে পঞ্চম শ্রেণীতে লেখাপড়া করা অবস্থায় বিয়ে দেন। আমার ইচ্ছার বিরুদ্ধে জোর করে বিয়ে দেওয়া হয়। এক বছরও স্বামীর ঘর করতে পারিনি। এখন বাপের সংসারে বোঝা হয়ে পড়ে আছি।’ এ আক্ষেপ বাল্যবিবাহের শিকার জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়নের এক কিশোরীর (১৭)। আক্কেলপুর উপজেলার বাসিন্দা রোজিনা (ছদ্মনাম)। সপ্তম শ্রেণীতে পড়াশোনা করার সময় তাঁর বিয়ে হয়। ওই উপজেলার আরেক মেয়ে সাবিনার (ছদ্মনাম) অষ্টম শ্রেণীতে পড়ার সময় বিয়ে হয়। তাঁরা এখন স্বামীর সংসার করছেন। তাঁদেরও লেখাপড়া করার প্রচণ্ড ইচ্ছা ছিল। শুধু সাবিনা বা রোজিনাই নয়, জয়পুরহাটের বিভিন্ন উপজেলার প্রত্যন্ত এলাকার অনেক মেয়েকেই বাবা-মায়ের কথা মেনে নিয়ে বিয়ে করতে হয়। বাল্যবিবাহ বন্ধের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সচেতনতামূলক প্রচারণা চালানো হলেও তা কোনো কাজে আসছে না। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জয়পুরহাট জেলায় ১৫৭টি মাধ্যমিক বিদ্যালয় ও ১১৪টি মাদ্রাসা আছে। ওই সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতি বছর অনেক ছাত্রী নবম শ্রেণীতে ভর্তি হয়। কিন্তু এসএসসি ও দাখিল পরীক্ষা দেওয়ার আগেই বাল্যবিবাহের কারণে বিপুলসংখ্যক ছাত্রী ঝরে পড়ছে।নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক জানান, বাল্যবিবাহের কারণে প্রতি বছর জয়পুরহাটে মাধ্যমিক পর্যায়ের সহস্রাধিক ছাত্রীর লেখাপড়া বন্ধ হয়ে যায়। দারিদ্র্য, কুসংস্কার, সামাজিক অস্থিরতা ও পারিবারিকভাবে শিক্ষার অভাবের কারণে বাল্যবিবাহের ঘটনা ঘটছে। সদর উপজেলার উড়ি মাধবপাড়া দাখিল মাদ্রাসার ছাত্রী জামিরা বেগম জানান, তাঁর লেখাপড়া করার খুব ইচ্ছা ছিল। বাবা-মা ও বড় আম্মার অনুরোধে অষ্টম শ্রেণীতে পড়া অবস্থায় বিয়ে দেওয়া হয় তাঁর অসম্মতিতে। এখন তাঁর স্বামীর সঙ্গে বনিবনা হচ্ছে না। তবে তিনি এখনো পড়াশোনা বন্ধ করেননি। জামিরা বেগমের বাবা জামাল উদ্দিন বলেন, ‘বড় ভাবীর অনুরোধে নাবালিকা মেয়েকে বিয়ে দিয়ে কী ভুলই না করেছি। এ ভুলের খেসারত দিতে হচ্ছে গোটা পরিবারকে।’ জেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে খোঁজ নিয়ে জানা গেছে, ২০১০ সালে জয়পুরহাট জেলায় পাঁচটি উপজেলায় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা দেওয়ার জন্য তিন হাজার ৬৫৯ জন ছাত্রী ফরম পূরণ করে। পরীক্ষায় অংশ নেয় তিন হাজার ৪০৭ জন। পরীক্ষায় অনুপস্থিত থাকে ২৫২ জন। শিক্ষকেরা জানান, অধিকাংশ ছাত্রী বাল্যবিবাহের কারণে পরীক্ষায় অংশ নেয়নি।একইভাবে জয়পুরহাট জেলায় জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় এক হাজার ৭১৭ জন ফরম পূরণ করে। পরীক্ষায় অংশ নেয় এক হাজার ৬৪০ জন। এর মধ্যে অনুপস্থিত ছিল ৭৭ জন। অনুপস্থিতির প্রধান কারণ বাল্যবিবাহ।আক্কেলপুর উপজেলার কয়া শোবলা মোসলেমিয়া আহমেদিয়া দাখিল মাদ্রাসার সুপার সিরাজুল ইসলাম জানান, তাঁর মাদ্রাসায় সপ্তম থেকে নবম শ্রেণীতে পড়া অবস্থায় প্রতি বছর ১০ থেকে ১১ জন ছাত্রীর বিয়ে হয়ে যায়। সদর উপজেলার চাঁদপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর কবির জানান, গত বছর তাঁর বিদ্যালয় থেকে ১০ থেকে ১২ জন ছাত্রী বিয়ের কারণে ঝরে পড়ে। ক্ষেতলাল উপজেলার হিন্দা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম জানান, তাঁর স্কুল থেকে গত বছর সাত-আটজন শিক্ষার্থী বাল্যবিবাহের কারণে লেখাপড়া বাদ দিয়েছে। পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আ ন ম আবদুল আলিম জানান, তাঁর স্কুল থেকে বাল্যবিবাহের কারণে প্রতি বছর পাঁচ থেকে ছয়জন করে ছাত্রী ঝরে পড়ছে। জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আফজাল হোসেন বলেন, জেলায় মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসাগুলোয় নবম শ্রেণীতে নিবন্ধন করার পর গড়ে সহস্রাধিক ছাত্রী বাল্যবিবাহের শিকার হয়। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল আজিজ জানান, বাল্যবিবাহের জন্য বিদ্যালয় থেকে অধিকাংশ ছাত্রী ঝরে পড়ে বলে অনুসন্ধানে জানা গেছে। জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস জনান, বাল্যবিবাহ ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত আছে। বাল্যবিবাহের খবর পাওয়া গেলেই ম্যাজিস্ট্রেট পাঠিয়ে তা বন্ধ করা হচ্ছে।