পাত্রী (১২) অষ্টম শ্রেণীর ছাত্রী। স্বজনেরা স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয় থেকে নেওয়া জন্মসনদে বয়স বাড়িয়ে প্রবাসী এক পাত্রের (৩৫) সঙ্গে মেয়েটির বিয়ে ঠিক করেন। গতকাল বুধবার দুপুরে বিয়ের দিন নির্ধারণ ছিল। সংবাদকর্মীরা বিষয়টি জেনে উপজেলা প্রশাসন ও পুলিশের কর্মকর্তাদের জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাল্যবিবাহটি বন্ধ করে। ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নে।এলাকাবাসী, শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ ও পুলিশ সূত্র জানায়, মেয়েটির বাড়ি উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের একটি গ্রামে। সে স্থানীয় নয়াগ্রাম শিমুলতলা দাখিল মাদ্রাসায় অষ্টম শ্রেণীতে পড়ছে। ভর্তি নিবন্ধন অনুযায়ী মেয়েটির জন্মতারিখ ২২ মার্চ ১৯৯৯। সে হিসেবে তার বয়স প্রায় সাড়ে ১২ বছর। সম্প্রতি অভিভাবকেরা পার্শ্ববর্তী কুলাউড়া উপজেলার ইসলামনগর গ্রামের বাসিন্দা কাতার প্রবাসী গিয়াস উদ্দিনের সঙ্গে মেয়েটির বিয়ে ঠিক করেন। কিন্তু মেয়ের বয়স ১৮ বছর না হওয়ায় বিপাকে পড়েন অভিভাবকেরা।সূত্র জানায়, ২৪ আগস্ট অভিভাবকেরা স্থানীয় ইউপি কার্যালয় থেকে মেয়েটির বয়স বাড়িয়ে একটি জন্মসনদ নেন। সেটিতে জন্মতারিখ ২০ এপ্রিল ১৯৯৩ উল্লেখ করা হয়েছে। সনদ অনুযায়ী মেয়েটির বয়স ১৮ বছর ছাড়িয়ে গেছে।জুড়ী থানার ওসি মো. হাসানুজ্জামান বাল্যবিবাহটি বন্ধের সত্যতা নিশ্চিত করেছেন। পশ্চিম জুড়ী ইউপির চেয়ারম্যান মঈন উদ্দিন আহমদ বলেন, ‘পুরোনো ভলিউম বইতে উল্লিখিত তথ্য অনুযায়ী জন্মসনদ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে বয়স বাড়ানো বা কমানো হয়নি।’ইউএনও মনীষ চাকমা জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।