বাল্যবিবাহের চেষ্টা, বরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কনের বয়স ১২ বছর। বর ২২ বছরের যুবক। দুই পরিবারের সম্মতিতে বিয়ের দিন ঠিক করা হয় ৫ সেপ্টেম্বর সোমবার। বাল্যবিবাহের সব প্রস্তুতি থাকলেও খবর পেয়ে বাধা দেয় স্থানীয় প্রশাসন। সরকারি নির্দেশ অমান্য করে অপ্রাপ্তবয়স্ক বালিকাকে বিয়ে করার প্রস্তুতি নেওয়ায় বরকে গতকাল রোববার ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
কেরানীগঞ্জ উপজেলার আঁটি-নয়াবাজার এলাকার সিদ্দিক হোসেনের মেয়ের বয়স ১২ বছর। তার সঙ্গে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বড়লই গ্রামের আবদুস সামাদের ছেলে শফিকুল ইসলামের বিবাহের দিন ঠিক হয় সোমবার বিকেলে। দুই পরিবারই আঁটি-নয়াবাজার এলাকার নুরু মিয়ার বাড়ির ভাড়াটে।
এলাকাবাসীর কাছে বাল্যবিবাহের সংবাদ পান উপজেলা সহকারী কমিশনার (ভূমি, দক্ষিণ কেরানীগঞ্জ সার্কেল) অঞ্জন কুমার সরকার। সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশ প্রশাসনের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তিনি। কনের বাড়িতে হাজির হয়ে দুই পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা পান।
অঞ্জন কুমার সরকার প্রথম আলোকে বলেন, ‘লোকজনের কাছে বাল্যবিবাহের খোঁজ পেয়ে সেখানে যাই। বর নিজের দোষ স্বীকার করেন। বাল্যবিবাহ নিরোধ আইন, ১৯২৯ এর ৫ ধারায় বর শফিকুল ইসলামকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।’
অঞ্জন কুমার বলেন, এই বাল্যবিবাহ বন্ধ হওয়ায় এবং বরের সাজা হওয়ায় সচেতনতা বাড়বে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় এলাকার লোকজন, শিক্ষার্থী, শিক্ষক উপস্থিত ছিলেন। অন্য অভিভাবকেরা সচেতন হবেন।
মেয়ের মা নাজমা বেগম বলেন, তাঁর দুই মেয়ে। এই মেয়েটি বড়। আগে স্থানীয় মাদ্রাসায় পড়ত। এখন লেখাপড়া বন্ধ। বরপক্ষের লোকজনের সম্মতিতে বিয়ে ঠিক করা হয়েছিল।