বাল্যবিবাহের চেষ্টার ঘটনায় পাঁচজনের দণ্ড
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিবাহ দেওয়ার চেষ্টার অভিযোগে কাজি, সহকারী কাজি, বর, বরের দুলাভাই এবং ওই ছাত্রীর মামার বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার রাতে এ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফতেখারুল ইসলাম খন্দকার।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের বিবাহ রেজিস্ট্রার (কাজি) মো. আবদুল জলিলের রঘুনাথপুর মহল্লার বাড়িতে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওই বিবাহের আয়োজন চলছিল। ওই ছাত্রীর সঙ্গে এক রাজমিস্ত্রির (২২) বিবাহ দেওয়া হচ্ছিল। বিয়ের সব ব্যবস্থা করেন বরের দুলাভাই। বর, তাঁর দুলাভাই, ওই ছাত্রীর মামা, মেয়ের মা ও নানি ঠিক সময়ে কাজির বাড়িতে আসেন।
ওই শিশু (ছাত্রী) বৃহস্পতিবার রাত নয়টার দিকে ইউএনওর কার্যালয়ে আদালতে লিখিতভাবে বলে, তাকে তার মা ও নানি বিয়ের কথা না বলেই কাজির বাড়িতে আনেন। কাজির উপস্থিতিতে কাজির সহকারী মো. আজগর আলী খাতায় নাম-ঠিকানা লিখতে থাকলে সে বুঝতে পারে তাকে বিয়ে দেওয়া হচ্ছে। রাত সাড়ে আটটার দিকে রেজিস্ট্রির খাতায় লেখালেখির কাজ শেষ হওয়ার সময় সেখানে উপস্থিত হন ইউএনও ইফতেখারুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) সারওয়ার মোর্শেদ। এ সময় অনেকে কেটে পড়লেও কাজি, সহকারী কাজি, মেয়ের মামা, বর ও বরের দুলাভাই আটকা পড়েন। পুলিশ এসে ইউএনওর নির্দেশে তাঁদের ইউএনওর কার্যালয়ে নিয়ে যান। আদালত চলার সময় উপস্থিত হন উপজেলা চেয়ারম্যান মো. জিয়াউল ইসলাম, পৌরসভার মেয়র কশিরুল আলম, মুক্তিযোদ্ধা কমান্ডার ইব্রাহিম খান, পৌরসভার কাউন্সিলর, সাংবাদিকসহ অনেকে। এ সময় আদালত কাজি জলিলকে ১০ দিন, সহকারী কাজি আজগর, বর, বরের দুলাভাই ও ওই ছাত্রীর মামাকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।