বাল্যবিবাহের জন্য জন্ম সনদ পরিবর্তন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বাল্যবিবাহ দিতে ছাত্রীদের জন্মসনদ পরিবর্তনের হিড়িক পড়ে গেছে। এ কারণে উপজেলায় বাল্যবিবাহের ঘটনা অনেক বেড়ে গেছে। ইউনিয়ন পরিষদের সচিব ও জনপ্রতিনিধিদের সহায়তায় জন্মসনদ পরিবর্তন করারও অভিযোগ উঠেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার উদমারা গ্রামের এক ছাত্রী ২০১১ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সনদে তার জন্ম তারিখ ১০ জানুয়ারি, ২০০০ লেখা রয়েছে। একই বয়স লেখা ছিল জন্মসনদেও। সে এখন স্থানীয় একটি স্কুলে সপ্তম শ্রেণীতে পড়ছে। এই ছাত্রীর পরিবার গত সোমবার এক প্রবাসীর সঙ্গে তার বিয়ের দিন চূড়ান্ত করে। এ নিয়ে এলাকাবাসী সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগও দেন। তবে আগেভাগেই পরিস্থিতি সামাল দিতে ছাত্রীর মা গত ২০ আগস্ট লক্ষ্মীপুর অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের আদালতে হলফনামা (অ্যাফিডেভিট) তৈরি করেন। এতে জন্মসনদে লেখা সাল ভুল হয়েছে উল্লেখ করে তা ১৯৯৫ করা হয়।
একই ঘটনা ঘটেছে রায়পুরের একটি বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রীর ক্ষেত্রেও। ছাত্রীটির পরিবার তার বিয়ে ঠিক করে। এ জন্য তারা ১৫ মে লক্ষ্মীপুর অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের আদালতে হলফনামা তৈরি করে। এতে ছাত্রীর জন্মসনদের লেখা জন্ম তারিখ ৫ ডিসেম্বর ১৯৯৭-এর স্থলে ৫ ডিসেম্বর ১৯৯৪ করা হয়।
উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত এক বছরে বাল্যবিবাহের দায়ে ১২ জন অভিভাবককে জরিমানা করা হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় প্রতি মাসে ৮ থেকে ১০টি বাল্যবিবাহের অভিযোগ আসে। কর্মকর্তা-কর্মচারীরা বিয়ে বন্ধ করতে গিয়ে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে পড়া এসব মেয়ের জন্মসনদ দেখে হতবাক হন। আদালতে হলফনামা করে বয়স পরিবর্তন করে ইউনিয়ন পরিষদে (ইউপি) জমা দিয়ে জন্মসনদের সাল পরিবর্তন করা হয়। কোনো কোনো ক্ষেত্রে ইউপিতে রক্ষিত জন্মসনদের রেজিস্ট্রার বইয়ে পরিবর্তন করেও জন্মসনদ দেওয়া হচ্ছে।
এ ব্যাপারে রায়পুর ১০ নম্বর ইউনিয়নের চেয়ারম্যান ইউছুফ মিয়া বলেন, ‘কোনো কোনো ইউনিয়নে জন্মসনদ পরিবর্তন করা হয় বলে শুনেছি। এখন অভিভাবকেরা হলফনামা করে ওই কপি ইউনিয়ন পরিষদে জমা দিয়ে জন্মসনদের সাল পরিবর্তন করেন। এতে আমাদের কিছু করার থাকে না।’
উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শিউলি আক্তার বলেন, ‘জন্মসনদের সাল পরিবর্তনের অহরহ ঘটনা ঘটছে। ষষ্ঠ শ্রেণীতে পড়া একটি মেয়ের বয়স সর্বোচ্চ ১২ থেকে ১৩ হতে পারে। কিন্তু যখনই দেখি হলফনামা করে জন্মসনদ পরিবর্তন করে কাগজ দাখিল হচ্ছে, তখন আমাদের কিছু করার থাকে না।’ তিনি জানান, জন্মসনদের সাল পরিবর্তনের প্রবণতা ঠেকানো না গেলে বাল্যবিবাহ রোধ করা অসম্ভব হয়ে পড়বে।
জানতে চাইলে ইউএনও দুলাল চন্দ্র সূত্রধর প্রথম আলোকে জানান, বাল্যবিবাহের জন্য দিতে জন্মসনদ পরিবর্তন করা হচ্ছে—এটা সত্য। এ ব্যাপারে জনপ্রতিনিধি ও ইউপির সচিবদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।