বাল্যবিবাহের তথ্য চেয়ে এবার মাধ্যমিকেও চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিকের পর এবার লালমনিরহাট জেলার মাধ্যমিক পর্যায়ের ২৯০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের বাল্যবিবাহ-সংক্রান্ত তথ্য চেয়ে পাঁচটি উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে চিঠি পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার জেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় তাঁদের কাছে এই চিঠি পাঠায়।
জেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার পাঁচ উপজেলায় ৫২টি নিম্নমাধ্যমিক ও ১৫৪টি মাধ্যমিক বিদ্যালয় এবং ৮৪টি মাধ্যমিক স্তরের মাদ্রাসা আছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের ওই চিঠিগুলো বিদ্যালয়গুলোর প্রধান ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং মাদ্রাসার সুপারদের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। লালমনিরহাট জেলা শিক্ষা কর্মকর্তা এস এম মোসলেম উদ্দিন এই নির্দেশ দেন।
চিঠিতে বলা হয়েছে, শিক্ষা ও সমাজ উন্নয়নের জন্য বাল্যবিবাহ রোধ করা জরুরি। বাল্যবিবাহ রোধে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সদস্যদের মাঝে সচেতনতা বাড়াতে হবে। অধ্যয়নরত কোনো শিক্ষার্থীর বাল্যবিবাহ হয়ে থাকলে তার শ্রেণি, রোল নম্বর উল্লেখ করে জেলা শিক্ষা কার্যালয়ে তথ্য পাঠাতে হবে। এ ছাড়া যখনই কোনো ছাত্রীর বাল্যবিবাহ ঠিক হবে, তখন তাৎক্ষণিকভাবে জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের সহায়তা নিয়ে তা বন্ধ করতে হবে এবং জেলা শিক্ষা কার্যালয়ে বিষয়টি জানাতে হবে।
জেলা শিক্ষা কর্মকর্তা এস এম মোসলেম উদ্দিন বলেন, ১১ আগস্ট প্রথম আলোতে ‘পঞ্চম শ্রেণির ছাত্রীকে সভাপতির বিয়ে’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে।