বাল্যবিবাহের দায়ে বর ও ঘটকের জেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাল্যবিবাহ করার দায়ে কুমিল্লার চান্দিনা উপজেলায় বর ও এই কাজে সহায়তার অপরাধে ঘটককে এক মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার উপজেলার ভোমরকান্দি গ্রামে বরের বাড়িতে ওই অভিযান পরিচালনা করা হয়। গতকাল বুধবার তাঁদের কারাগারে পাঠানো হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন ভোমরকান্দি গ্রামের বাসিন্দা মো. মোর্শেদ (২৪) ও একই গ্রামের ঘটক মো. মাসুদ (৩৮)। নির্বাহী হাকিম ও চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী তাঁদের সাজা দেন।
মাইজখাঁর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সফিকুল ইসলাম বলেন, কিছুদিন আগে চান্দিনা উপজেলার সপ্তম শ্রেণির এক ছাত্রীর (১৪) সঙ্গে মোর্শেদের বিয়ে ঠিক করা হয়। ভোমরকান্দি গ্রামের মো. মাসুদ ওই বিয়ের ঘটক। গত মঙ্গলবার রাতে বরের বাড়িতে বাল্যবিবাহ হচ্ছে এমন খবর পেয়ে বাল্যবিবাহ নিরোধ কমিটির সদস্যরা বিষয়টি চান্দিনার ইউএনওকে জানান। খবর পেয়ে রাত সাড়ে নয়টায় বিয়েবাড়িতে গিয়ে হাজির হন ইউএনও। এ সময় তিনি কনেকে উদ্ধার করেন। একই সঙ্গে বর ও ঘটককে পুলিশ দিয়ে তিনি গ্রেপ্তার করান। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের সাজা দেন। একই সঙ্গে ছাত্রীকে বিদ্যালয়ে পাঠানোর নির্দেশ দেন।
ইউএনও বলেন, ‘মেয়ের বয়স কম হওয়ায় বরের বাড়িতে নিয়ে গোপনে বিয়ের আয়োজন করা হয়। ১৯২৯ সালের বাল্যবিবাহ নিরোধ আইনে বরকে এক মাসের জেল ও এক হাজার টাকা জরিমানা, তা অনাদায়ে আরও তিন মাস সাজা খাটতে হবে। এ ছাড়া একই আইনের ৬ ধারায় ঘটককে এক মাসের জেল ও এক হাজার টাকা জরিমানা করা হয়।