বাল্যবিবাহের দায়ে বরসহ তিনজনের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলায় বাল্যবিবাহের দায়ে বর ও তাঁর দুই আত্মীয়কে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল রোববার রাত ১০টার দিকে গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম এস এম জামাল আহমেদ এ কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন গাংনী উপজেলার কুলবাড়িয়া গ্রামের আলী হোসেনের ছেলে বর হাসিবুল ইসলাম (২২), তাঁর মামা একই গ্রামের আবদুর রশিদের ছেলে তরিকুল ইসলাম (২৮) ও চাচাতো ভাই রবিউল ইসলামের ছেলে শাওন রেজা (২৫)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল উপজেলার সহড়াতলা গ্রামের এক ব্যক্তির সপ্তম শ্রেণিপড়ুয়া মেয়ের সঙ্গে হাসিবুল ইসলামের বিয়ে হয়। স্থানীয় ইমামের মাধ্যমে বিয়ে পড়ানো হয়। বিয়ের পর রাতে কনেসহ বর ও তাঁর দুই আত্মীয় মোটরসাইকেল করে বাড়ি ফিরছিলেন। পথে স্থানীয় হিন্দা পুলিশ ক্যাম্পের সদস্যরা সড়কে টহল দেওয়ার সময় তাঁদের জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে এটা বাল্যবিবাহ বুঝতে পেরে বর-কনে ও বরের আত্মীয়দের পুলিশ আটক করে থানায় নিয়ে যায়।

রাত ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে ভ্রাম্যমাণ আদালতে তাঁদের হাজির করা হয়। সেখানে নির্বাহী হাকিম এস এম জামাল আহমেদ বাল্যবিবাহ নিরোধ আইনে বরসহ তিনজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

নির্বাহী হাকিম এস এম জামাল আহমেদ প্রথম আলোকে বলেন, মেয়েটির পরিবারকে খবর দেওয়া হলেও তাঁরা ভয়ে উপজেলা পরিষদে আসেননি। একপর্যায়ে রাত একটার দিকে ওই মেয়েটিকে গাড়িতে করে পুলিশি পাহারায় তার গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় মেয়েটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

গাংনী থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, আজ সোমবার সকালে আসামিদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।