বাল্যবিবাহের দায়ে ১৮ জনের ৫০ হাজার টাকা জরিমানা
নোয়াখালীর সেনবাগে জন্মনিবন্ধন সনদ জালিয়াতি করে এফিডেভিটের মাধ্যমে স্কুলছাত্রীর বাল্যবিবাহ দেওয়ার অপরাধে কনের বাবা-মা, স্বজনসহ ১৮ জনকে অভিযুক্ত করে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গত শুক্রবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ হোসেন সিদ্দিক তাঁর কার্যালয়ে আদালত বসিয়ে এ আদেশ দেন। আদালতের আদেশের পর অভিযুক্ত ব্যক্তিরা জরিমানার অর্থ পরিশোধ করেন।
আদালত সূত্রে জানা গেছে, গত ২১ নভেম্বর উপজেলার উত্তর মানিকপুর গ্রামের ননু মিয়ার মেয়ে স্থানীয় ছিলোনিয়া ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ওই ছাত্রীর জন্মনিবন্ধন সনদ জালিয়াতি করে আদালতে এফিডেভিটের মাধ্যমে বয়স বাড়িয়ে একই উপজেলার বীরকোট গ্রামের আবুল কালামের ছেলে আলী হায়দারের সঙ্গে বিয়ে দেন।
গোপনে বিয়ের এ সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন সিদ্দিক বর ও কনের পরিবারকে শুক্রবার রাতে তাঁর কার্যালয়ে তলব করেন। নির্ধারিত সময়ে কনেপক্ষ উপস্থিত হলেও বরপক্ষ অনুপস্থিত থাকে।
পরে ইউএনও তাঁর কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উপস্থিত সাক্ষ্যপ্রমাণ ও দোষ স্বীকারের ভিত্তিতে কনের বাবা ননু মিয়া, মা মনোয়ার বেগম, স্বজনসহ ১৮ জনকে অভিযুক্ত করে সর্বমোট ৫০ হাজার টাকা জরিমানা করেন।