বাল্যবিবাহের পরও জিতেছে রুপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌতুক ও বাল্যবিবাহের কাছে হার মানেনি রুপা খাতুন। হারেনি সে মেধা ও মনোবলের কাছেও। বরং জিতেছে প্রবল পরাক্রমে। সে এবার জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। রুপা রাজশাহীর বাগমারার চান্দেরআড়া গ্রামের কৃষক আবুল কাশেমের মেয়ে। আর বিয়ে নয়, এবার সে নিজ পায়ে দাঁড়াতে চায়।
রুপার পরিবার জানায়, ২০১১ সালে চান্দেরআড়া উচ্চবিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে পড়া অবস্থায় তাকে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়া হয়। প্রথমে কোনো যৌতুক নিতে না চাইলেও পরে বরপক্ষ থেকে এক লাখ টাকা দাবি করা হয়। যৌতুক দিতে আবুল কাশেম অপারগতা ও নিজের অসহায়ত্বের কথা জানান। কিন্তু বরপক্ষ যৌতুকের দাবিতে অনড় থাকে। একপর্যায়ে যৌতুক আনার জন্য রুপাকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এর কিছুদিন পর তাকে তালাক দেওয়া হয়। তবে ঘর ভাঙলেও মনোবল ভাঙেনি রুপার। পরে সে আবারও লেখাপড়ার আগ্রহ প্রকাশ করে। গোপনে চান্দেরআড়া উচ্চবিদ্যালয়ে শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করে স্কুলে ভর্তি হয়। এ বছর সে ওই বিদ্যালয় থেকে জেএসসি (জুনিয়র স্কুল সার্টিফিকেট) পরীক্ষায় অংশ নেয়। গত রোববার প্রকাশিত ওই পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ পেয়ে সে সবাইকে চমকে দেয়।
আবুল কাশেম জানান, তিনি দিনমজুরি করে জীবিকা নির্বাহ করেন। পাঁচ ছেলেমেয়ের সংসারে অভাব লেগে থাকায় ছোট মেয়ের বিয়ে দিয়েছিলেন। এখন নিজের ভুল বুঝতে পেরেছেন। মেয়েকে আর বাল্যবিবাহ দেবেন না।
রুপা জানায়, সে অতীতের সবকিছু ভুলে গেছে। এখন ভালো কিছু করার ইচ্ছা আছে। তবে তার মতো আর কারোর যেন বাল্যবিবাহ না হয়, এটাই তার প্রত্যাশা।
ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোজাম্মেল হক জানান, রুপা খুবই মেধাবী। তাঁদের অজান্তে অভাবের কারণে রুপার পরিবার তাকে বাল্যবিবাহ দিয়েছিল। সে বরাবরই প্রতিটি শ্রেণীতে প্রথম হতো।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জামাল উদ্দিন জানান, রুপার লেখাপড়ার আর যেন বিরতি না ঘটে, সেদিকে তিনি নজর রাখবেন।
ইউএনও সাদেকুল ইসলাম জানান, তিনি রুপার বিষয়ে খোঁজ নেবেন।