বাল্যবিবাহের বিরোধিতা করায় ভাইদের হাতে ভাই খুন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়ায় অপ্রাপ্তবয়স্ক বোনের বিয়ের ঘটনাকে কেন্দ্র করে হামলায় ভাই নিহত ও তাঁর আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম বিদ্যা মিয়া (২৫)। তাঁর স্ত্রী গুরুতর আহত খাদেজা বেগমকে (২০) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নের উত্তর গন্ডা গ্রামে। নিহত ব্যক্তির পরিবার, এলাকাবাসী ও পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, ঈদুল ফিতরের আগে একই গ্রামে বিদ্যা মিয়ার অপ্রাপ্তবয়স্ক ছোট বোনের (সেবান) বিয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে তাঁর সঙ্গে চাচাতো ভাই অবসরপ্রাপ্ত সেনাসদস্য সিরাজুল ইসলামের পরিবারসহ আপন ও অপর সত্ভাইদের বিরোধ দেখা দেয়। এর জের ধরে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে সিরাজুলের স্ত্রীর সঙ্গে বিদ্যা মিয়ার ঝগড়া হয়। একপর্যায়ে সিরাজুল ইসলামের নেতৃত্বে অন্যরা কাতরা ও বল্লম নিয়ে বিদ্যা মিয়ার বাড়িতে গিয়ে তাঁর ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে বিদ্যার নাড়িভুঁড়ি বের হয়ে যায়। তাত্ক্ষণিকভাবে কেউ তাঁকে হাসপাতালে নিয়ে না যাওয়ায় ঘটনাস্থলেই বিদ্যার মৃত্যু হয়। এ সময় নিহতের আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী মাজেদা বেগমও ধারালো অস্ত্রের আঘাতে জখম হন। পরে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এলাকাবাসী জানান, হতাহতের খবর পেয়ে তাত্ক্ষণিকভাবে এলাকার লোকজন বিদ্যা মিয়ার বাড়িতে ঢুকতে চাইলেও সিরাজুলেরা তাতে বাধা দেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। এর ঘটনায় বিদ্যা মিয়ার চাচাতো ভাইয়ের পরিবারের সঙ্গে আপন ও সত্ভাইয়েরাসহ আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা উচিত। কারণ, বিয়ে হয়ে যাওয়া অপ্রাপ্তবয়স্ক বোনটিকে নিহত বিদ্যাই সবচেয়ে বেশি দেখাশোনা করেছেন। আর এ কারণেই তিনি বোনের বিয়ের বিপক্ষে অবস্থান নেন। খবর পেয়ে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আবদুল মোমেন এবং নেত্রকোনা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. শরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থল থেকে ফিরে অতিরিক্ত পুলিশ সুপার আবদুল মোমেন প্রথম আলোকে বলেন, স্বামী-স্ত্রী হতাহতের ঘটনায় চাচাতো ভাইয়ের পরিবারের সদস্যদের সঙ্গে নিহতের ভাইয়েরাসহ অন্য কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর শেখ গতকাল রাত সোয়া আটটার দিকে জানান, এ ঘটনায় এখনো মামলা হয়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই পালিয়ে যাওয়ায় এ ব্যাপারে সিরাজুল ইসলাম বা তাঁর পরিবারের কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।