বাল্যবিবাহের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
লালমনিরহাটের আলোচিত বাল্যবিবাহ মামলার প্রধান আসামি আবদুর রহিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলা দায়েরের আড়াই মাস পর গত শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
লালমনিরহাট সদর উপজেলার খারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আবদুর রহিম (৩২) বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে (১৩) গত ২৬ জুন বিয়ে করেন। এ জন্য লালমনিরহাট নোটারি পাবলিক কার্যালয়ে ছাত্রীটির বয়স বাড়িয়ে ১৮ ও নিজের বয়স কমিয়ে ২৫ দেখানো হয়। এ ঘটনায় ১১ আগস্ট প্রথম আলোয় ‘পঞ্চম শ্রেণির ছাত্রীকে সভাপতির বিয়ে’ শিরোনামে সংবাদ ছাপা হয়। ওই দিনই সদর উপজেলার মোগলহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান আবদুর রহিমসহ দুজনের বিরুদ্ধে মামলা করেন।
লালমনিরহাটের পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বলেন, বাল্যবিবাহের ঘটনায় দুটি মামলা হয়েছে। মামলাগুলোতে পুলিশ তদন্ত করছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহ্ফুজুর রহমান বলেন, রহিমকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।