বাল্যবিবাহের মাশুল সবাইকে দিতে হয়

সরকার মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ থেকে ১৬ এবং ছেলেদের ২১ থেকে ১৮ বছর করতে চাচ্ছে। বাল্যবিবাহ কম দেখানোর এই চেষ্টা, যা শুভংকরের ফাঁকিতে পরিণত হবে। কারণ বাল্যবিবাহের মাশুল পুরো জাতিকেই দিতে হয়।
গতকাল বুধবার জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম এবং ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ‘বাল্যবিয়েই কন্যাশিশুর স্বাভাবিক জীবনের অন্তরায়’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানের আলোচকেরা এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাবে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, বাল্যবিবাহ প্রতিরোধ আইনটি প্রণয়নের ক্ষেত্রে সবার মতামতের গুরুত্ব রয়েছে। রাতারাতি কোনো আইন প্রণয়ন করা যুক্তিযুক্ত নয়।
বিশেষ অতিথি সেন্ট্রাল উইমেন্স ইউনির্ভাসিটির সোসিওলজি অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মালেকা বেগম বলেন, বিভিন্ন জরিপে বাল্যবিবাহের হারের দিক থেকে বাংলাদেশ যে শীর্ষে, তা উঠে এসেছে। শুধু সে কারণেই যদি সরকারের মাথাব্যথা হয় এবং সরকার ছেলে ও মেয়ের বিয়ের ন্যূনতম বয়স কমিয়ে ১৮ ও ১৬ করতে চায়, তা হবে শুভংকরের ফাঁকি। রাষ্ট্রকে ভাবতে হবে বিয়ের বয়স কমিয়ে বাল্যবিবাহ হচ্ছে না বললেই সমস্যার সমাধান হবে না। এ জন্য আইনের প্রয়োগের পাশাপাশি নারী-পুরুষের মধ্যে সমতা তৈরিসহ বিভিন্ন দিকে নজর বাড়াতে হবে।
আলোচনার শুরুতেই মালেকা বেগম বাল্যবিবাহ নিয়ে সরকারের চিন্তাভাবনার প্রতিবাদ করে নিজে কালো ফিতা ধারণ করেন এবং অন্যদেরও তা ধারণ করার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছাড়া অন্যরা কালো ফিতা ধারণ করেন।
পর্যালোচক অতিথি হিসেবে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সভাপতি বদিউল আলম মজুমদার বলেন, বাল্যবিবাহের মাশুল পুরো জাতিকেই দিতে হয়। জাতিসংঘ সিডও কমিটির সাবেক চেয়ারম্যান সালমা খান বলেন, পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থায় কন্যাশিশুর ওপর বাল্যবিবাহের বোঝা চাপিয়ে দেওয়া হয়। কিছু বুঝে ওঠার আগেই তারা অপুষ্ট শিশুর জন্ম দেয় যা জাতির জন্য ক্ষতিকর বিষয়। সবাইকে বাল্যবিবাহের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য দেন জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সম্পাদক নাছিমা আক্তার।
বিতর্ক প্রতিযোগিতায় সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল এবং সিদ্ধেশ্বরী গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।