শাহিমার বিয়ে হয় ১৭ বছর বয়সে। বিয়ের ১১ মাস পর গর্ভবতী হন। স্বামী-শাশুড়ি মিলে সন্তান নষ্ট করতে চেয়েছিলেন। তিনি বাধা দেন। এরপর স্বামী নির্যাতন শুরু করেন। শারীরিক অত্যাচারে হাত ভাঙে। হাত তাঁর এখনো বাঁকা হয়ে আছে। এ পর্যায়ে বাড়ি থেকে তাঁকে বের করে দেন স্বামী-শাশুড়ি। ভাইয়ের সংসারে আশ্রয় নেন। সালিস-বিচার হয়। সমাধান হয় না। বাল্যবিবাহের শিকার দিনাজপুরের শাহিমা জীবনের গল্প বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন। এই গল্প, এই কান্না শাহিমার একার নয়। ঢাকার মাকসুদা, সুনামগঞ্জের পারুল আক্তার, রংপুরের আমিনা, বরগুনার রুমী সবারই একই গল্প। তাঁরা প্রত্যেকে গতকাল রোববার রাজধানীর একটি অভিজাত হোটেলে এক মতবিনিময় সভায় নিজেদের জীবনের করুণ কাহিনীগুলো তুলে ধরেন। ‘বাল্যবিবাহ প্রতিরোধ’ শীর্ষক এই মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) ও প্ল্যান বাংলাদেশ। মতবিনিময় সভায় মূল উপস্থাপনায় বলা হয়, বাল্যবিবাহ বাংলাদেশের অন্যতম সমস্যা। ১০ থেকে ১৪ বছরের মধ্যে পাঁচ শতাংশ এবং ১৫ থেকে ১৯ বছরের মধ্যে ৪৮ শতাংশ কন্যাশিশুর বিয়ে হয়। বাল্যবিবাহে ছেলে বা মেয়ে উভয় শিশুর মানবাধিকার লঙ্ঘন হয়। এফপিএবির মহাপরিচালক (ভারপ্রাপ্ত) কে এম তারেক গবেষণার উদ্ধৃতি দিয়ে বলেন, ৭৫ শতাংশ নারী দেরিতে বিয়ের পক্ষে। ৬৫ শতাংশ নারীর বিয়ে হয় তাঁদের সম্মতি ছাড়া। অনুষ্ঠানে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী বলেন, বাল্যবিবাহে সমাজের রুঢ় বাস্তবতা। এর সুনির্দিষ্ট কারণ চিহ্নিত করতে হবে। বয়স কম হলেও বিয়ের সময় ১৮ বছর লেখা হয়, এটা বন্ধ করতে হবে। তিনি বলেন, বাল্যবিবাহের আইন যুগোপযোগী করা দরকার।জাসদের সভাপতি ও সাংসদ হাসানুল হক ইনু বলেন, বর্তমান আইন সংশোধন করতে হবে। যিনি বাল্যবিবাহ দেবেন, সেই কাজিরও শাস্তির ব্যবস্থা করতে হবে।দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক আবদুল কাইয়ুম বলেন, গণমাধ্যম জানতে পারলে বাল্যবিবাহর আগে সংবাদ প্রকাশ করে। তাতে হয়তো ওই বিয়ে বন্ধও হয়। এরপর মেয়েটির খবর কেউ রাখে না। নারী ও শিশুবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংসদ তালুকদার মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ মুরাদ হাসান, আসমা জেরিন, আইনজীবী সারা হোসেন ও প্ল্যান বাংলাদেশের দেশীয় প্রতিনিধি আনোয়ার হোসেন।