বাল্যবিবাহের সময় বর-কনেসহ আটক ৫
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় বাল্যবিবাহ দেওয়ার সময় কাজির দুই সহকারী এবং বর-কনেসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। গত রোববার রাত দুইটার দিকে উপজেলার বাড়িয়া ইউনিয়নের সরল গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন: ওই গ্রামের সাহাজ উদ্দিন, তাঁর ছেলে (বর) সাদ্দাম হোসেন (২২), কাজির দুই সহকারী মোশারফ হোসেন ও জহিরুল সরকার এবং এক প্রবাসীর মেয়ে (কনে)। মেয়েটির বয়স ১৫।
পুলিশ ও স্থানীয় সূত্রের বিবরণ অনুযায়ী, ওই মেয়েটির সঙ্গে সাদ্দাম হোসেনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত রোববার মেয়েটি সাদ্দামের বাসায় গিয়ে ওঠে। পরে সাদ্দামের স্বজনেরা তাদের বিয়ের আয়োজন করে। খবর পেয়ে মেয়েটির স্বজনেরা বিষয়টি পুলিশকে জানান। পুলিশ রোববার দিবাগত রাত দুইটার দিকে অভিযান চালিয়ে ওই পাঁচজনকে আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম ভূঁইয়া জানান, মেয়েটি স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণীর ছাত্রী।