বাল্যবিবাহের হাত থেকে পাঁচ কিশোরীর রক্ষা
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় গতকাল শুক্রবার পাঁচটি শিশু বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে।
ফুলবাড়ী থানার ওসি মোকছেদ আলী বলেন, গতকাল সকােল কাজীহাল ইউনিয়নে অষ্টম শ্রেণির এক ছাত্রীর ও শিবনগর ইউনিয়নে অষ্টম শ্রেণির আরেক ছাত্রীর বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে বেলা ১১টার দিকে ইউএনও এহতেশাম রেজার নেতৃত্বে পুলিশ শিবনগর ইউনিয়নে গিয়ে ওই ছাত্রীর বিয়ে ভেঙে দেয়। ওই ছাত্রীর বাবা প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবেন না বলে মুচলেকা দিলে তাঁকে ছেড়ে দেওয়া হয়। দুপুর ১২টার দিকে কাজিহাল ইউনিয়নের ওই ছাত্রীর বাড়িতে গিয়ে তারও বিয়ে ভেঙে দেয় পুলিশ। এ সময় ওই ছাত্রীর বাবা প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবেন না বলে মুচলেকা দেন।
ইউএনও এহতেশাম রেজা বলেন, গতকাল পাঁচটি স্থানে বাল্যবিবাহ হওয়ার খবর আসে। দুই স্থানে অভিযান চালানো হয়। এ খবর ছড়িয়ে পড়ে। পরে পুলিশ অন্য তিনটি জায়গায় গিয়ে জানতে পারে, ভ্রাম্যমাণ আদালতের খবর পেয়ে পরিবারের সদস্যরা নিজেরাই বিয়ে বন্ধ করে দিয়েছেন।