বাল্যবিবাহের 'নাটক' সাজিয়ে আটক ৩, পরে কারাদণ্ড
নীলফামারীর ডোমার উপজেলায় বাল্যবিবাহের আয়োজন করার অপরাধে কনের বাবা, আওয়ামী লীগের এক নেতাসহ তিনজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার এ ঘটনা ঘটে।
কনের পরিবারের অভিযোগ, আগের দিন গত শুক্রবার বিয়ের কোনো আয়োজন না থাকলেও কারও প্ররোচনায় পুলিশ বাল্যবিবাহের নাটক সাজিয়েছে। এদিকে দণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগের ওই নেতাকে পুলিশ মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ডোমার থানার পুলিশের ভাষ্যমতে, গত শুক্রবার রাতে ডোমার পৌরসভার চিকনমাটি সবুজপাড়া গ্রামে ছামিউল ইসলামের বাড়িতে তাঁর মেয়ে অষ্টম শ্রেণির ছাত্রীর সঙ্গে পৌরসভার চান্দিনাপাড়ার রশিদুল ইসলামের ছেলে সনি হাসানের (১৮) বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে পুলিশ ওই রাতেই সেখানে গিয়ে ছামিউল ইসলাম এবং তাঁর প্রতিবেশী ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি একরামুল হক ও ডাক্তারপাড়া গ্রামের রেজাউল করিমকে আটক করে থানায় নিয়ে যায়। গতকাল সকালে তাঁদের ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিউর রহমানের কার্যালয়ে হাজির করা হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ইউএনও তাঁদের প্রত্যেককে কারাদণ্ড দেন।
মেয়ের দাদা ময়েজ উদ্দিন দাবি করেন, ‘আমাদের বাড়িতে বিয়ের কোনো আয়োজনই ছিল না। বিয়ে হলে সেখানে বর থাকবে, কাজি থাকবে, মৌলভী থাকবে। কিন্তু এদের একজনও ছিল না। ছেলেপক্ষ মেয়ে পছন্দ করেছে, আমরা বলেছি মেয়ের এখন বয়স কম, মেয়ে যখন বিয়ের উপযুক্ত হবে তখন বিয়ে হবে। ছেলেপক্ষের লোকজন চলে যাওয়ার পর রাত নয়টার দিকে পুলিশ এসে আমার ছেলে ও ছেলের দুলাভাই রেজাউল করিমকে আটক করে। এ সময় আওয়ামী লীগ নেতা একরামুল হক প্রতিবাদ করলে তাঁকেও মারধর করে আটক করে নিয়ে যায় পুলিশ।’
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেনের ভাষ্যমতে, বাল্যবিবাহের আয়োজনের অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাঁদের সাজা দিয়েছেন। দণ্ড পাওয়া আওয়ামী লীগ নেতাকে মারধর করার অভিযোগ তিনি অস্বীকার করেছেন।
ইউএনও শফিউর রহমান বলেন, ‘ একরামুল হক পুলিশের কাজে বাধা দেওয়ায় পুলিশ তাঁকেও আটক করেছিল। বিয়েটি হয়েছে কি না তা আমি জানি না। তবে বিয়ে দিলেও এই আইনে সাজা দেওয়া যায়, বিয়ের আয়োজন করলেও সাজা দেওয়া যায়।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আলম অভিযোগ করেন, ‘ঘটনাস্থলে এবং থানায় এনে একরামুলকে নির্যাতন করা হয়েছে। এ বিষয়ে আমরা গতকাল বিকেলে জরুরি সভা ডেকেছি। সেখানে করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।’