বাল্যবিবাহের 'বিশেষ ধারা' বাতিলের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাল্যবিবাহ নিরোধ আইনের ‘বিশেষ ধারা’ বাতিলের আহ্বান জানান মানবাধিকার কর্মীরা। এ সময় তাঁরা প্রধানমন্ত্রীকে আইনটির বিশেষ বিধানের বিষয়ে পুনরায় বিবেচনারও অনুরোধ করেন।
গতকাল সোমবার সকালে রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে ‘বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৬ এর সর্বশেষ পরিস্থিতি ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় আলোচকেরা এ কথা বলেন। সভার আয়োজন করে ব্র্যাক, গার্লস নট ব্রাইডস বাংলাদেশ পার্টনারশিপ, মানুষের জন্য ফাউন্ডেশন, কেয়ার বাংলাদেশ ও সেভ দ্য চিলড্রেন।
গত নভেম্বরে মেয়েদের বিয়ের বয়স কমপক্ষে ১৮ বছর এবং ছেলেদের ২১ বছর রেখে ‘বাল্যবিবাহ নিরোধ আইন’ অনুমোদন দেয় মন্ত্রিসভা। এতে বিশেষ প্রেক্ষাপটে সর্বোত্তম স্বার্থে আদালতের নির্দেশ এবং মা-বাবার সম্মতিতে অপ্রাপ্তবয়স্ক মেয়েদেরও বিয়ের সুযোগ থাকছে।
সেভ দ্য চিলড্রেনের পরিচালক (শিশু সুরক্ষা) লায়লা খন্দকার বলেন, সরকার যে প্রেক্ষাপটে বিশেষ ধারার কথা বলছে, তার সমাধান শিশু আইন ২০১৩-এর মাধ্যমেই সম্ভব।
ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি বিভাগের কর্মসূচি প্রধান হাবিবুর রহমান বলেন, আইনটি পাসের আগে সরকারকে এর ক্ষতিকর দিকগুলো বিবেচনা করা উচিত।
সভায় আরও উপস্থিত ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশনের প্রোগ্রাম সমন্বয়ক বনশ্রী মিত্র নিয়োগী, উই ক্যান বাংলাদেশের ন্যাশনাল কো-অর্ডিনেটর জিনাত আরা হক, কেয়ার বাংলাদেশের টিম লিডার এ এন এম কায়সার জিলানীসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী।