বাল্যবিয়ে আয়োজনের দায়ে কনের বাবাসহ তিনজনের কারাদণ্ড
বিয়ের সব প্রস্তুতি শেষ। কিছুক্ষণ পরেই মূল অনুষ্ঠান শুরু হবে। কিন্তু বিয়ে পড়ানোর আগ মুহূর্তে সেখানে হাজির হলেন ভ্রাম্যমাণ আদালত। বন্ধ করে দেওয়া হলো বিয়ে। একই সঙ্গে কনের বাবা ও দুই ভগ্নিপতিকে কারাদণ্ড ও জরিমানা করলেন আদালত। দিনাজপুরের সদর উপজেলায় গত সোমবার এ ঘটনা ঘটে।সদর উপজেলার তাজপুর গ্রামে ১৩ বছরের এক কিশোরীর বাল্যবিয়ের আয়োজন করার দায়ে ভ্রাম্যমাণ আদালত এ শাস্তি দিয়েছেন।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ধনঞ্জয় কুমার দাস জানান, তাজপুর গ্রামে গত সোমবার সন্ধ্যায় বাল্যবিয়ের আয়োজন করার সংবাদ পেয়ে সেখানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুর রহমানকে পুলিশসহ পাঠানো হয়।সহকারী কমিশনার (ভূমি) আবদুুর রহমান জানান, তাজপুর দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী ও তাজপুর গ্রামের মাইন উদ্দিন আহম্মদের মেয়ে মেরিনা পারভীনের সঙ্গে দক্ষিণ রামনগর গ্রামের মোকাররম হোসেনের ছেলে জুয়েল রানার (২১) বিয়ের আয়োজন করা হয়েছিল। তিনি সন্ধ্যা সাড়ে ছয়টায় সেখানে গিয়ে বিয়ে বন্ধ করে দেন।দিনাজপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) ফখরুল ইসলাম জানান, ভ্রাম্যমাণ আদালত কনের বাবা মাইন উদ্দিন আহম্মেদ (৫৫), ভগ্নিপতি আবদুল হামিদ (৪০) ও মো. মিজানুর রহমানকে (৩৮) তিন দিনের সশ্রম কারাদণ্ড, এক হাজার টাকা করে জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরও সাত দিন করে কারাদণ্ড দিয়েছেন। আদালতের নির্দেশে তাঁদের গ্রেপ্তার করে ওই দিনই জেলহাজতে পাঠানো হয়েছে।