বাল্যবিবাহ: কনের বাবারও কারাদণ্ড
নীলফামারী সদর উপজেলায় বাল্যবিবাহের অপরাধে কনের বাবাকেও ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযোগে গত শনিবার বরের বাবা ও ভগ্নিপতিকে একই দণ্ড দেওয়া হয়।
স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার রাতে সদর উপজেলার গোরগ্রাম ইউনিয়নের কিত্তনিয়াপাড়া গ্রামের শামসুদ্দিন আহমেদের ছেলে রুবেল ইসলামের (১৯) সঙ্গে ১৪ বছর বয়সী এক মেয়ের বিয়ে হয়। খবর পেয়ে শনিবার নীলফামারী সদর থানা-পুলিশ অভিযান চালিয়ে বরের বাবা শামসুদ্দিন আহমেদ ও ভগ্নিপতি ফারুক হোসেনকে আটক করে। রাতে ভ্রাম্যমাণ আদালত তাঁদের ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন।
আজ বুধবার সকালে মেয়ের বাবা আশরাফুল ইসলাম (৫৫) থানায় আত্মসমর্পণ করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেত আলী ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকেও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা প্রথম আলোকে বলেন, দণ্ডপ্রাপ্ত তিনজনই এখন কারাগারে।