বাল্যবিবাহ : কনের বাবা ও বরের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের মাহতাবপুর গ্রামে অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে দেওয়ার অভিযোগে কনের বাবা ও বিয়ে করার অপরাধে বরকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন কনের বাবা তাজুল ইসলাম (৫৫) ও বর মো. ইয়াছিন (২৭)। নির্বাহী হাকিম ও সেনবাগের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নেহাশীষ দাশ আজ রোববার বিকেলে তাঁর কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ সাজা দেন।
নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মাহতাবপুর গ্রামের তাজুল ইসলাম তাঁর অপ্রাপ্তবয়স্ক মেয়ে হালিমা আক্তার ওরফে সুমিকে (১৭) গত বৃহস্পতিবার একই গ্রামের মো. ইয়াছিনের (২৭) সঙ্গে বিয়ে দেন। বিষয়টি নজরে এলে নির্বাহী হাকিম স্নেহাশীষ দাশ কনের বাবা ও বরকে নোটিশ করে আজ কার্যালয়ে ডেকে আনেন। তাঁরা দোষ স্বীকার করায় প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সাজা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নেহাশীষ দাশ। প্রথম আলোকে তিনি বলেন, সাজা দেওয়ার পর দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।