বর-কনের বাবার কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে বাল্যবিয়ের আয়োজনের অপরাধে হবু বর ও কণের বাবাসহ তিনজনকে এক মাস করে কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানা আজ রোববার দুপুরে এ দণ্ড দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের সামান্তপুর এলাকায় আজ বেলা ১১টার দিকে আবুল কালামের (৪০) ছেলে অষ্টম শ্রেণির ছাত্রের সঙ্গে পার্শ্ববর্তী পূর্বচান্দনা এলাকার বাসিন্দা ফজলুল হকের (৪৪) মেয়ে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর বিয়ের আয়োজন চলছিল। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে গাজীপুর জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা জাহান জয়দেবপুর থানার পুলিশ নিয়ে ওই বাড়িতে যান। বিয়ের বিষয়টি নিশ্চিত হয়ে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানাকে খবর দেওয়া হয়।
পরে বিয়ের প্রস্তুতিকালে কনের বাবা ফজলুল হক, বরের বাবা আবুল কালাম ও দুলাভাই মো. সোলায়মানকে (২৩) আটক করা হয়। পরে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত স্থানীয় ভটভটি চালক আবুল কালাম আজাদ, তাঁর জামাতা সোলায়মান এবং মেয়ের বাবা চা দোকানি ফজলুল হককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানাও করেন।

গাজীপুর মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা জাহান জানান, দণ্ডপ্রাপ্তদের পুলিশ গাজীপুর জেল হাজতে পাঠিয়েছেন। দণ্ডপ্রাপ্ত সোলায়মান ২০১৩ সালে আবুল কালামের ১২ বছর বয়সী মেয়েকে বিয়ে করেছিলেন। তাদের ঘরে এখন ৮মাসের সন্তান রয়েছে।