বাল্যবিবাহের চেষ্টা, ১০ জনের সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী সদর উপজেলার গাইবান্ধাপাড়া গ্রামে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে বিয়ে দেওয়ার চেষ্টা করায় তার বাবাসহ ১০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবেত আলী এ সাজা দেন।

ছাত্রীর বাবাকে ২৫ দিন, ছাত্রীর আত্মীয় ময়নুল ইসলাম, আবু সায়িদ ও মনোয়ার হোসেনকে ২০ দিন এবং বরের আত্মীয় দবির উদ্দিন, ওমর ফারুক, আবদুর রহিম, আবু বক্কর সিদ্দিক, আবদুল আলিম ও সিরাজুল ইসলামকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা সাংবাদিকদের বলেন, শুক্রবার রাতে বরযাত্রীরা কনের বাড়িতে যান। গোপন সংবাদের ভিত্তিতে ইউএনওর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাল্যবিবাহ বন্ধ করে। পরে ওই ১০ জনকে আটক করা হয়। তবে বর পালিয়ে যান।
ওসি বলেন, সাজাপ্রাপ্ত ব্যক্তিদের নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে।