বাল্যবিয়ে দেওয়ায় ক্ষোভে আত্মহত্যা!
রাজশাহীর তানোর উপজেলার মুণ্ডুমালা পৌর এলাকার এক মাদ্রাসাছাত্রী গাছে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। গত বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ওই মাদ্রাসাছাত্রীর নাম হাফিজা খাতুন ওরফে মুক্তা। বাবার নাম হারুন-অর-রশিদ। হাফিজা উপজেলার চিনাশো আলিম মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্রী। আত্মহত্যার আগে মা-বাবার উদ্দেশে সে একটি চিঠি লিখে যায়।পারিবারিক সূত্রে জানা গেছে, এক সপ্তাহ আগে হাফিজার ইচ্ছার বিরুদ্ধে তাকে মোহনপুর উপজেলার মহেশকুণ্ডি গ্রামের আবদুস সাত্তারের ছেলে ফিরোজ কবিরের সঙ্গে বিয়ে দেওয়া হয়। কয়েক দিন আগে সে বাবার বাড়ি বেড়াতে আসে। বুধবার রাতে একটি চিঠি লিখে রেখে হাফিজা বাড়ির এক গাছে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়।চিঠিতে অভিমানী হাফিজা লিখেছে, ‘প্রিয় বাবা-মা, আমার ইচ্ছার বিরুদ্ধে তোমরা বিয়ে দিয়েছিলে। তোমাদের খুশি করার জন্য তা মেনে নিয়েছিলাম। তোমাদের ইচ্ছা পূরণ হয়েছে। কিন্তু আমার ইচ্ছা ছিল লেখাপড়া করে অনেক বড় হওয়ার। সেটি আর হলো না। তাই আমি তোমাদের ছেড়ে চলে গেলাম ওপারে। আমাকে ক্ষমা করে দিও।’হাফিজার বাবা বলেন, মেয়ের বিয়ের বয়স হয়েছে দেখে তাঁরা বিয়ে দিয়েছেন। মেয়ে পড়াশোনা করতে চাইত। কিন্তু তার মনে এত বড় অসন্তোষ ছিল, তাঁরা তা বুঝতে পারেননি। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশেম বলেন, বাল্যবিয়ের এ ঘটনা তিনি জানতেন না। আর তাঁর মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগও তোলা হয়নি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করে তা দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।