বাল্যবিয়ে বন্ধ, কনের বাবার কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ সদর উপজেলার এক স্কুলছাত্রীর বাল্যবিয়ে আজ শুক্রবার বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। বাল্যবিয়ে আয়োজন করার অপরাধে ওই ছাত্রীর বাবাকে সাত দিনের কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। 

সুনামগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) এম এ ফারুক সাংবাদিকদের বলেন, সদর উপজেলার একটি গ্রামে অষ্টম শ্রেণির এক ছাত্রীর বিয়ের আয়োজন করে তাঁর পরিবার। একই উপজেলার কুদ্দুছ মিয়া (২৮) নামের এক যুবকরে সঙ্গে আজ ওই স্কুলছাত্রীর বিয়ে হওয়ার কথা ছিল।

এসআই বলেন, খবর পেয়ে আজ বেলা আড়াইটার দিকে বর আসার আগেই কনের ওই বাড়িতে পুলিশ নিয়ে অভিযান চালান সুনামগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাইজার মোহাম্মদ ফারাবী। তিনি বিয়ের সব আয়োজন বন্ধ করেন এবং স্কুলছাত্রী​র বাবাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। আবদুল মালেককে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে অভিযানের খবর পেয়ে বরপক্ষ আর কনের বাড়িতে আসেননি।