টাঙ্গাইলের সখীপুর উপজেলায় জেএসসি ও জেডিসি পরীক্ষার জন্য তিন হাজার ৬১১ জন শিক্ষার্থী নিবন্ধন করে। কিন্তু পরীক্ষায় ১১৭ জন অনুপস্থিত রয়েছে। এদের ৭৫ জন মেয়ে ও ৪২ জন ছেলে। মেয়েদের ৬১ জনের বিয়ে হয়ে যাওয়ায় তারা পরীক্ষা দিচ্ছে না বলে জানা গেছে। এ ছাড়া ১৪ জন কিশোরী অসুস্থতা ও অর্থসংকটের কারণে পরীক্ষায় অংশ নিতে পারছে না।
উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও করণিকদের সঙ্গে কথা বলে ওই তথ্য পাওয়া গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সখীপুরে প্রতি সপ্তাহে দু-একটি করে বাল্যবিবাহ ঠেকাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। অভিভাবকদের অসচেতনতার কারণে এসব বাল্যবিবাহ হচ্ছে। সখীপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান বলেন, ‘আমার বিদ্যালয় থেকে ছয়জন জেএসসি পরীক্ষায় অনুপস্থিত। এর চারজনই বাল্যবিবাহের কারণে পরীক্ষা দিচ্ছে না।’
ডনডনিয়া নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের বিলকিস আক্তারের বিয়ে হয় পরীক্ষার পাঁচ দিন আগে। এ কারণে সে পরীক্ষায় অংশ নিতে পারেনি বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম। বড় চওনা উচ্চবিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক বলেন, ‘জেএসসি পরীক্ষায় আমাদের দুটি মেয়ে অনুপস্থিত। বিয়ের কারণে তারা পরীক্ষা দিতে পারছে না।’ কাহারতা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইদুর রহমান জানান, তাঁর স্কুলের তিনটি মেয়ে বিয়ের কারণে জেএসসি পরীক্ষার প্রবেশপত্র নিতে আসেনি।
তক্তারচালা সবুজ বাংলা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক অখিল প্রিয় সরকার জানান, তাঁর বিদ্যালয়েরও দুই মেয়ে বাল্যবিবাহের কারণে জেএসসিতেই ঝরে গেছে।
সখীপুর থানা সদর দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট সাইফুল ইসলাম জানান, জেডিসি পরীক্ষায় ৩৩ মেয়ে অনুপস্থিত। তিনি বিভিন্ন মাদ্রাসার সুপারের সঙ্গে কথা বলে জেনেছেন, বেশির ভাগ মেয়ে বিয়ের কারণে পরীক্ষায় অংশ নিচ্ছে না।
সখীপুর জেএসসি পরীক্ষাকেন্দ্রের সচিব খলিলুর রহমান তালুকদার বলেন, বাল্যবিবাহ মেয়েদের ঝরে পড়ার মূল কারণ। মাদকাসক্তি ও রোজগারে নেমে পড়ায় ছেলেরা ঝরে পড়ছে।
সখীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম জানান, অশিক্ষা ও দারিদ্র্যের কারণে অকালেই শিক্ষার্থীরা ঝরে পড়ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ‘ওরা শুধু লেখাপড়া থেকে ঝরে পড়েনি, কেউ কেউ অল্প বয়সে মা হয়েও অকালে ঝরে পড়বে।’
ইউএনও আবু নাসের বেগ বলেন, শ্রেণীশিক্ষকেরা বেশি সচেতন হলে বাল্যবিবাহ কমে যাবে।