বাশারের স্বপ্ন হারিয়ে যাবে?

আবুল বাশার (২৩) শারীরিক প্রতিবন্ধী। দরিদ্র পরিবারের সন্তান। তবু দমেননি তিনি। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। উচ্চশিক্ষা গ্রহণ করে পরিবার ও দেশসেবার স্বপ্ন দেখেন তিনি। কিন্তু তাঁর এ স্বপ্ন এখন ক্রমেই ধূসর হয়ে যাচ্ছে।
বাশারের পরিবার সূত্র জানায়, শরীরের মাংসকোষ নষ্ট-সংক্রান্ত ব্যাধিতে (মাসল ডিজিজ) আক্রান্ত হয়ে ক্রমেই অসুস্থ হয়ে পড়ছেন বাশার। চিকিৎসা করতে তাঁকে বিদেশে নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। কিন্তু এ জন্য যে টাকার প্রয়োজন, তাঁর গরিব মা-বাবার পক্ষে তা জোগাড় করা অসম্ভব।
বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন বদিউজ্জামান বলেন, ‘বাশার আমার ছাত্র। ও দিন দিন শারীরিকভাবে ভেঙে পড়ছে। ওকে সুস্থ করা প্রয়োজন। বাশারের নামে সোনালী ব্যাংকের দুমকি শাখায় একটি সঞ্চয়ী হিসাব রয়েছে। যার নম্বর ৭৬৬৩। এখানে অর্থ সাহায্য করে বাশারের স্বপ্ন বাঁচিয়ে রাখা সম্ভব।’
বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের বিবিএ (সম্মান) শেষ পর্বে পড়ছেন আবুল বাশার। বাড়ি পটুয়াখালীর দুমকি উপজেলা সদরের পোস্ট অফিস সড়ক এলাকায়। তাঁর বাবা আজিজ হাওলাদার চায়ের দোকানি। মা তাছলিমা বেগম গৃহিণী।
আজিজ হাওলাদার বলেন, ‘৮ থেকে ১০ বছর বয়সে বাশারের শরীরে সমস্যা দেখা দেয়। সে স্বাভাবিকভাবে হাঁটতে পারত না। এভাবেই এইচএসসি পাস করে ২০১০ সালে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় সে। বাশার বলত, শারীরিক অক্ষমতাকে পেছনে ফেলে মেধার যোগ্যতায় দেশসেবা করবে, পরিবারের দায়িত্ব নেবে।’
বাশারের বাবা বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তির বছর খানেক পর থেকেই বাশারের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। সে এখন সোজা হয়ে দাঁড়াতে পারছে না। ঘাড় বাঁকা হয়ে যাচ্ছে। লোকজনের সহায়তা ও নিজেদের যেটুকু সম্বল ছিল, তা বাশারের চিকিৎসায় ব্যয় হয়েছে। বাশারের চিকিৎসা করছেন ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরোলজি বিভাগের অধ্যাপক রফিকুল ইসলাম। পরীক্ষা-নিরীক্ষার পর তিনি বাশারের মাসল ডিজিজে আক্রান্ত হওয়ার কথা জানান। তিনি বাশারকে বিদেশে চিকিৎসা করানোর পরামর্শ দেন। কিন্তু পরিবারের পক্ষে এ খরচ জোগানো অসম্ভব।
৩ জানুয়ারি বাশার প্রথম আলোকে বলেন, ‘আমি অন্যদের মতো স্বাভাবিক জীবনযাপন ও উচ্চশিক্ষা শেষ করে বাবা-মার পাশে দাঁড়াতে চাই। কিন্তু তা কি সম্ভব?’ এ কথা বলে বাশার দীর্ঘশ্বাস নেন, তাঁর চোখে পানি এসে যায়।