বাস-অটোরিকশা সংঘর্ষ, একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর-ঢাকা মহাসড়কের সদরের কানাসাখোলা বাজার মোড়ে যাত্রীবাহী একটি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতনামা (৪০) এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছে তিন শিশু-কিশোর।

আজ রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

আহত কিশোর ও শিশুরা হলো শেরপুর সদর উপজেলার মোল্লাপাড়া গ্রামের আক্কাছ আলীর ছেলে রুবেল (১৪), তিলকান্দি গ্রামের মিজানের ছেলে মো. জুয়েল (১৫) ও চকপাঠক এলাকার মনিরের মেয়ে ঐশী (১০)। তাদের মধ্যে রুবেলকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্য দুজনকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা দুইটার দিকে কানাসাখোলা বাজার মোড়ে ঢাকাগামী সোনার বাংলা পরিবহনের একটি বাসের সঙ্গে নকলা থেকে আগত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই অজ্ঞাতনামা এক সিএনজি যাত্রী নিহত হয় এবং তিনজন আহত হন। ঘটনার সময় মুষলধারে বৃষ্টি হচ্ছিল। পরে স্থানীয় লোকজন আহত তিনজনকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠায়।

দুর্ঘটনার পরপরই স্থানীয় এলাকাবাসী কানাসাখোলা বাজার মোড়ে গতিরোধক নির্মাণের দাবিতে শেরপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে। ফলে প্রায় দুই ঘণ্টা ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।

খবর পেয়ে সদর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হকের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিনি অনতিবিলম্বে সেখানে একটি গতিরোধক নির্মাণের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেয়।

শেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান আজ বিকেলে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাস ও অটোরিকশাটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক আছেন।