বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় আজ বৃহস্পতিবার সকালে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের দুজন নিহত হয়েছে। আহত হয়েছে দুজন। হতাহত ব্যক্তিরা পরস্পরের স্বজন বলে জানিয়েছে পুলিশ। উপজেলার বগাডুবি সেতুর উত্তর প্রান্তে শেরপুর-ঝিনাইগাতী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন উপজেলার বন্দভাটপাড়া গ্রামের মন্দা বেগম (৪৫) ও তাঁর নাতনি উর্মি বেগম (৫)। আহত দুজন উপজেলার সারিকালিনগর গ্রামের সুফিয়া বেগম (৩৫) ও জুঁই (১৮)। তাঁরা অটোরিকশার যাত্রী ছিলেন।
সুফিয়াকে গুরুতর অবস্থায় ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জুঁই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্য, যাত্রীবাহী বাসটি শেরপুর থেকে ঝিনাইগাতী যাচ্ছিল। অটোরিকশাটি বিপরীত দিক থেকে আসছিল। সকাল সাড়ে ১০টার দিকে বগাডুবি সেতুর উত্তর প্রান্তে যানবাহন দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, এ ঘটনায় মামলা হবে। বাসটিকে আটক করা হয়েছে। চালক পলাতক।