বাস-অটোরিকশা সংঘর্ষে দুইজন নিহত, ৪ ঘণ্টা যান চলাচল বন্ধ
ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ওমপাড়া স্থানে গতকাল সোমবার দুপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটাস্থলেই দুজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন চারজন। ঘটনার পর উত্তেজিত জনতা গতিরোধক নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ করলে চার ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।নিহত ব্যক্তিরা হলেন: গোপালগঞ্জ জেলার চিত্তরঞ্জনের ছেলে বিশ্বজিৎ (৩০) ও নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পশ্চিম হাজীপুর গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে লিটন (২০)। আহত ব্যক্তিরা হলেন: দীন ইসলাম (২৬), হেমন্ত (৩৫), নুরু মিয়া (৪০) ও রুবেল (২৫)। দীন ইসলাম নিহত লিটনের বড় ভাই। তাঁদের শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।পুলিশ জানায়, হতাহতরা সবাই অটোরিকশার আরোহী। দুর্ঘটনার সময় অটোরিকশাটি (নারায়ণগঞ্জ থ-১১-৪২১৭) নারায়ণগঞ্জ থেকে মাওয়া যাচ্ছিল। একই সময়ে বিপরীত দিক থেকে গোধুলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা যাওয়ার পথে সংঘর্ষ ঘটে।