বাস-অটোরিকশা সংঘর্ষে মা ও ছেলে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার রাজামারিয়াকান্দি এলাকায় আজ বৃহস্পতিবার দুপুরে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছেন। ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুজন আহত হন।

নিহত দুজন হলেন অটোরিকশা যাত্রী নাসরিন বেগম (৩৫) ও তাঁর ছেলে রিয়েল চৌধুরী (১২)।
নাসরিন বেগম সদর উপজেলার সুহিলপুর আলহাজ হারুন অর রশীদ ডিগ্রি কলেজের গ্রন্থাগার পদে কর্মরত ছিলেন। তিনি বিজয়নগর উপজেলার চম্পকনগর গ্রামের বাসিন্দা প্রভাষক শফিকুল ইসলামের স্ত্রী। নিহত দুজন ব্রাহ্মণবাড়িয়া শহরের পুনিয়াউট এলাকার বাসা থেকে গ্রামের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ দুপুর ১২টার দিকে সরাইলের রাজামারিয়াকান্দি এলাকায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী নাসরিন বেগম ঘটনাস্থলে নিহত হন। তাঁর ছেলে রিয়েল চৌধুরী, অজ্ঞাত এক ব্যক্তি এবং অটোরিকশার চালক (অজ্ঞাত) জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রিয়েল চৌধুরীকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।
সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর সিদ্দিকি প্রথম আলোকে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। বাস ও অটোরিকশা জব্দ করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।