বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
বগুড়া সদরের বাঘোপাড়ায় ঢাকা-রংপুর মহাসড়কে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বগুড়া সদর উপজেলার বাঘোপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ নিহত দুজনের পরিচয় নিশ্চিত করেছে। তাঁরা হলেন বগুড়ার ফুলবাড়ী-বৃন্দাবনপাড়ার নৃত্যশিল্পী আশিক আহমেদ (২১) ও ধাওয়াকোলা গ্রামের তপু চন্দ্র (২৪)। বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ জানান, নিহত অন্যজন বগুড়ার মহাস্থান গ্রামের আবদুর রহিম (২৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাঘোপাড়া চলাচল ফিলিং স্টেশনের সামনে রংপুরগামী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বগুড়াগামী যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ওই তিনজন নিহত হন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। নিহত ব্যক্তিদের লাশ তাঁদের স্বজনেরা নিয়ে গেছেন।
হাইওয়ে পুলিশ সুপার ইসরাইল হাওলাদার বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ নিহত দুজনের পরিচয় নিশ্চিত করেছে। অন্যদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।