বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরের শেখপাড়া এলাকায় যাত্রীবাহী একটি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. রিফাত (১৯) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার বেলা তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ওই দুর্ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। তাঁদের প্রথমে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
নিহত রিফাত উপজেলার সৈয়দপুর ইউনিয়নের কেদারখীল গ্রামের মোহাম্মদ সেলিমের ছেলে।
আহত ব্যক্তিরা হলেন বারৈয়ারঢালা ইউনিয়নের বহরপুর গ্রামের রুহুল আমিনের মেয়ে নিগার সুলতানা (১৮), মহালঙ্কা গ্রামের নুরুল আবছারের ছেলে মো. ইসমাইল (২৫), কলাবাড়িয়া গ্রামের ইসমাইলের ছেলে মো. আবু তাহের (৬০) ও কেদারখীল গ্রামের মো. হারুনের ছেলে মো. শাহীন (১৬)।
সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক রাজিয়া আফরিন প্রথম আলোকে বলেন, শাহীন ছাড়া বাকি তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের মাথায় গুরুতর জখম হয়েছে। শাহীন সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
সীতাকুণ্ড থানার উপপরিদর্শক জয়নাল আবেদিন জানান, বাসটি বেপরোয়া গতিতে এসে সিএনজিচালিত অটোরিকশাটিকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। তিনি জানান, হাইওয়ে পুলিশ বাসটিকে আটক করলেও চালককে গ্রেপ্তার করতে পারেনি।