
ভাড়া নির্ধারণ না করে দুই বছরের জন্য বাংলাদেশ-ভারতের সঙ্গে পাঁচটি রুটে বাস অপারেটর নিয়োগে দেওয়া দরপত্র প্রক্রিয়ার ওপর স্থিতাবস্থা বহাল রয়েছে।
ওই দরপত্র প্রক্রিয়ার ওপর হাইকোর্ট স্থিতাবস্থা বজায় রাখতে অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছিলেন। এই আদেশের বিরুদ্ধে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেছিল। এর ওপর শুনানি নিয়ে দায়িত্বরত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ আজ বৃহস্পতিবার আবেদনটি নিষ্পত্তি করে আদেশ দেন। এ বিষয়ে দেওয়া রুল আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে হাইকোর্টে নিষ্পত্তি করতে পক্ষগুলোকে বলা হয়েছে।
পাঁচটি রুট হচ্ছে, ঢাকা-কলকাতা-ঢাকা, আগরতলা-ঢাকা-কলকাতা-আগরতলা, ঢাকা-খুলনা-কলকাতা-ঢাকা, ঢাকা-আগরতলা-ঢাকা ও ঢাকা-সিলেট-শিলং-গুয়াহাটি।
আদালতে বিআরটিসির পক্ষে শুনানি করেন আইনজীবী শ ম রেজাউল করিম। রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী এ বি এম আলতাফ হোসেন, সঙ্গে ছিলেন আইনজীবী এ আর এম কামরুজ্জামান কাঁকন।
পরে আইনজীবী এ বি এম আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, ওই পাঁচটি রুটের দরপত্র প্রক্রিয়ার ওপর স্থিতাবস্থা বজায় রাখতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে বিআরটিসি লিভ টু আপিল কর। আপিল বিভাগ ওই লিভ টু আপিল নিষ্পত্তি করে দিয়ে হাইকোর্ট রুল শুনানি করতে বলেছেন। ফলে দরপত্র প্রক্রিয়ায় হাইকোর্টের দেওয়া স্থিতাবস্থার আদেশ বহাল থাকছে। তাই এখন দরপত্র উন্মুক্তকরণ প্রক্রিয়ার কার্যক্রম বন্ধ থাকবে।
নথিপত্র থেকে জানা যায়, ওই পাঁচ রুটে বাস অপারেটর নিয়োগের জন্য গত ৪ জুলাই পত্রিকায় দরপত্র আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ভাড়া নির্ধারণ না করে এ ধরনের বিজ্ঞপ্তি চলমান ভাড়া-নৈরাজ্যকে আরও উসকে দিতে পারে—এমন শঙ্কা থেকে যাত্রী কল্যাণ সমিতির পক্ষে দুই দেশের প্রটোকল অনুযায়ী ভাড়া নির্ধারণ করে প্রজ্ঞাপন জারির জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন জানায়। জবাব না পেয়ে সমিতির পক্ষে হাইকোর্টে রিট করা হয়। শুনানি নিয়ে গত ২৩ জুলাই হাইকোর্ট রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেন। রুলে ভাড়া নির্ধারণ না করে দুই বছরের জন্য বাস অপারেটর নিয়োগে দেওয়া দরপত্র বিজ্ঞপ্তি কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। এরপর ভাড়া নির্ধারণ না করে কর্তৃপক্ষ টেন্ডার প্রক্রিয়া এগিয়ে নেওয়ায় হাইকোর্টে আরেকটি আবেদন করে রিট আবেদনকারী পক্ষ। এর ওপর শুনানি নিয়ে গত ১৩ সেপ্টেম্বর হাইকোর্ট ওই দরপত্র প্রক্রিয়ার ওপর স্থিতাবস্থা বজায় রাখতে আদেশ দেন। এর বিরুদ্ধে বিআরটিসি লিভ টু আপিল করে, যা আজ শুনানির জন্য ওঠে।