বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, বিদেশি হাজতি ও চালক নিহত
কক্সবাজারের চকরিয়া উপজেলায় হাজতিবাহী অ্যাম্বুলেন্স ও বাসের মুখোমুখি সংঘর্ষে একজন অসুস্থ বিদেশি হাজতিসহ দুজন নিহত ও দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। গতকাল শুক্রবার বেলা দেড়টার দিকে চকরিয়ার মালুলঘাট সোয়াজনিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত বিদেশি নাগরিকের নাম ওভার কলিন (৩৪)। তিনি সেনেগালের নাগরিক। সাত-আট মাস আগে তিনি অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে গ্রেপ্তার হয়ে কক্সবাজার কারাগারে ছিলেন। সম্প্রতি অসুস্থ হয়ে পড়ায় গতকাল শুক্রবার তাঁকে উন্নত চিকি ৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হচ্ছিল।নিহত অপর ব্যক্তি হলেন অ্যাম্বুলেন্স চালক মো. সেলিম (৩৫)। আহত দুই পুলিশ সদস্য হলেন নায়েক সনু মং মারমা (৩৫) ও কনস্টেবল মামুন (২৮)। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হাজতি ওভার কলিনকে নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সটি সোয়াজানিয়া এলাকায় পৌঁছালে চট্টগ্রাম থেকে কক্সবাজার অভিমুখী সৌদিয়া পরিবহনের যাত্রীবাহী বাস সেটিকে ধাক্কা দেয়। এতে এম্বুলেন্সটি ছিটকে পড়ে। ভেতরে থাকা হাজতি ও পুলিশ সদস্যরা গুরুতর আহত হন।এ সময় ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স চালক মো. সেলিম মারা যান। আহত দুই পুলিশ সদস্যসহ ওভার কলিনকে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকি ৎসক কলিনকে মৃত ঘোষণা করেন। চিকি ৎসকেরা বলেছেন, আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ বাসটি আটক করলেও এর চালক পালিয়ে যেতে সক্ষম হন। এই ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে ওসি জানান।