বাস আটক করায় হবিগঞ্জে মালিক সমিতির অবরোধ
হবিগঞ্জে প্রধান বাতি ছাড়াই বাস চালানোয় হাইওয়ে পুলিশ গত বুধবার রাতে একটি বাস আটক করে মামলা দেয়। এ ঘটনায় বাস মালিক সমিতি গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জ শহরে দুই দফা এলোপাতাড়ি বাস রেখে অবরোধ করে। হাইওয়ে পুলিশ জানায়, সিলেট-হবিগঞ্জ রুটের একটি বাস ৫০ জন যাত্রী নিয়ে বুধবার রাতে সিলেট থেকে হবিগঞ্জের উদ্দেশে ছেড়ে আসে। চলন্ত অবস্থায় বাসের সামনের প্রধান বাতি বিকল হয়। চালক একটি ট্রাকের পেছনে পেছনে বাসটি চালাতে থাকেন। এই বাসের যাত্রী ছিলেন হবিগঞ্জের বিচারিক হাকিম রশিদ আহমেদ। তিনি বাতি ছাড়াই গাড়ি না চালাতে চালককে অনুরোধ করেন। নিষেধ অমান্য করে চালক আবারও গাড়ি চালাতে থাকেন। রাত ১১টার দিকে বাসটি শায়েস্তাগঞ্জ এসে যাত্রাবিরতি করে। এ সময় বিচারিক হাকিম শায়েস্তাগঞ্জ মহাসড়ক পুলিশের সাহায্য চান। পুলিশ ঘটনাস্থলে এসে তল্লাশি করে গাড়ির অন্য কাগজপত্র পেলেও যাত্রাপথের অনুমতিপত্র পায়নি। পাশাপাশি বাতি ছাড়া গাড়ি চালানোর জন্য বাসটি আটক করে পুলিশ মামলা দেয় এবং শায়েস্তাগঞ্জ থানায় নিয়ে যায়। এ ঘটনার প্রতিবাদে সকাল ১০টায় হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ শহরের প্রধান রাস্তায় তাঁদের বাস এলোপাতাড়িভাবে রেখে অবরোধ করেন। দুই ঘণ্টা পর পুলিশ বাসগুলো সরিয়ে দিলে বাসমালিক ও শ্রমিকেরা সেগুলো শহরের ২ নম্বর পুল এলাকায় নিয়ে আবার সড়ক অবরোধ করেন। পরে প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপে তাঁরা বাস সরিয়ে নেন। এ বিষয়ে গত রাতে জেলা প্রশাসনের সঙ্গে বাসমালিকদের এক বৈঠক হয়। জেলা প্রশাসক মণীন্দ্র কিশোর মজুমদার জানান, বাসমালিকদের আজ শুক্রবার থেকে যথারীতি বাস চালানোর অনুরোধ করা হয়েছে।