বাস-ইজিবাইক সংঘর্ষে শিক্ষক নিহত
যশোরের অভয়নগর উপজেলার মাইলপোস্ট এলাকায় গত বৃহস্পতিবার যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষক নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
নিহত শিক্ষকের নাম মানু রাহা (৩৫)। তাঁর বাড়ি খুলনার ফুলতলা উপজেলার উত্তরদিহি গ্রামে। তিনি সাতক্ষীরার আশাশুনী উপজেলার বদরতলা জেএসসি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে যশোর-খুলনা মহাসড়কের মাইলপোস্ট এলাকায় যশোরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি খুলনাগামী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে গেলে এর যাত্রী মানু রাহা ঘটনাস্থলেই নিহত এবং তাঁর ছেলে পান্থ রাহা (৬), চালক অভয়নগর উপজেলার জাফরপুর গ্রামের ইমান আলীর ছেলে ইমরান (২৫), যাত্রী পায়রা গ্রামের রাব্বি হোসেন (১০), মাহমুদা বেগম (২৫) ও কোটা গ্রামের রোকেয়া বেগম (৫৫) আহত হন। তাঁদের মধ্যে ইমরান, রাব্বি হোসেন ও রোকেয়া বেগমকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পান্থ ও মাহমুদা বেগমকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবদুস ছালেক জানান, মানু রাহার লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বাসটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছেন।