
ঘড়ির কাঁটায় বেলা একটা বেজে পাঁচ মিনিট। উল্টে যাওয়া বাসের তলা থেকে তখনো গোঙানির আওয়াজ আসছে। এবার আশপাশের সবাই চিৎকার করে উঠলেন ‘এই বেঁচে আছে, এই বেঁচে আছে’ বলে। উপস্থিত সবাই হাত লাগালেন। শত হাতের মিলিত চেষ্টায় একটু উঁচু হলো বাস। গাছের গুঁড়িতে ঠেকা দেওয়া হলো সেটি। এরপর একে একে বাসের ভেতর থেকে বের করা হলো তিনজনকে। তাঁদের মধ্যে তখনো একজন কথা বলছেন। অন্য দুজন অচেতন।
রাজশাহী কলেজের ছাত্রীদের বহনকারী একটি বাস বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসের ধাক্কায় উল্টে রাস্তার পাশে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। গতকাল রোববার দুপুরে রাজশাহীর পবা উপজেলার কাঁটাখালীতে এ দুর্ঘটনায় তিন ছাত্রী নিহত হয়েছেন। আহত হয়ে হাসপাতালে ভর্তি আরও ১৩ জন। অন্তত ১০ ছাত্রী নিয়েছেন প্রাথমিক চিকিৎসা।
নিহত ছাত্রীরা হলেন মাহমুদা আক্তার, বিউটি খাতুন ও শারমিন আক্তার। মাহমুদা রাজশাহী কলেজের সমাজকর্ম বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। তাঁর বাড়ি পুঠিয়া উপজেলার কাপাশিয়া গ্রামে। বিউটি ছিলেন ইসলামের ইতিহাস বিভাগের সম্মান চতুর্থ বর্ষের, বাড়ি দুর্গাপুর উপজেলার রইপাড়া গ্রামে। আর শারমিন ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্সের ছাত্রী ছিলেন। তাঁর বাড়ি পুঠিয়ার চকধাদাস গ্রামে।
বিকেলে চারটায় তিন ছাত্রীর লাশ কলেজের প্রশাসনিক ভবনের সামনে নিয়ে এলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। কেউই চোখের পানি ধরে রাখতে পারেননি। কারও আপত্তি না থাকায় ১০-১৫ মিনিট পরে ময়নাতদন্ত ছাড়াই লাশগুলো পাঠিয়ে দেওয়া হয় তাঁদের নিজ নিজ বাড়িতে।
কলেজ সূত্রে জানা যায়, কলেজের শিক্ষার্থী পরিবহনের জন্য আটটি বাস রয়েছে। এর মধ্যে একটি নিজস্ব, অন্যগুলো ভাড়া করা। ভাড়া করা লাকি পরিবহনের বাসটি শুধু ছাত্রীদের আনা-নেওয়া করে। এটি প্রতিদিন সকালে পুঠিয়ার বানেশ্বর থেকে ছাত্রীদের নিয়ে আসে, আবার পৌঁছে দেয়। গতকাল বেলা পৌনে একটার দিকে কাঁটাখালীতে বিপরীত দিক থেকে আসা ইসলাম পরিবহনের একটি বাসের সঙ্গে ধাক্কা খেয়ে লাকি পরিবহনের বাসটি রাস্তার পাশে খাদে উল্টে যায়।
বেলা একটার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ইসলাম পরিবহনের বাসটি রাস্তার ওপর দাঁড়িয়ে। আর লাকি পরিবহনের বাসটির সামনের কাচ খুলে নিচে পড়ে আছে। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন জানালা ও সামনে-পেছনের কাচ ভেঙে ছাত্রীদের উদ্ধার করেন। বেলা একটা বেজে পাঁচ মিনিট। তখনো বাসের তলায় তিনজন ছাত্রী চাপা পড়ে ছিলেন। বাইরে থেকে ঠিক চাকার নিচে একজনের পা দেখা যাচ্ছিল। বাস উঁচু না করে তাঁদের উদ্ধার করা সম্ভব ছিল না। এ অবস্থায় ঘটনাস্থলে হাজির শত শত মানুষ মিলে বাসটি উঁচু করে তিন ছাত্রীকে উদ্ধার করেন।
দুর্ঘটনাকবলিত বাসটির যাত্রী ছিলেন কলেজের সমাজবিজ্ঞান সম্মান শেষ বর্ষের ছাত্রী খালেদা খাতুন। তিনি বলেন, পরীক্ষা শেষে তিনি গ্রামের বাড়ি চারঘাটের ডাকরায় ফিরছিলেন। তিনি ছিলেন বাসের দ্বিতীয় সারিতে। কাঁটাখালীতে গিয়ে মনে হলো বাসটি ধাক্কা খেয়েছে। এরপর মুহূর্তের মধ্যে এটি উল্টে গেল। অনেকে এসে তাঁর ওপর পড়ল। কিছুক্ষণ তাঁর জ্ঞান ছিল না। পরে দেখেন, তিনি হাসপাতালে ভর্তি। দুই পা নাড়াতে পারছেন না।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাজিয়া খান বিপাশা জানান, আহত ছাত্রীদের হাসপাতালে আনার সঙ্গে সঙ্গে ওয়ার্ডে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে তিনজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
হাসপাতালে ভর্তি ছাত্রীদের মধ্যে উদ্ভিদবিজ্ঞান বিভাগের লাবনী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সেতু ও ফজিলা, সমাজকর্ম বিভাগের আদুরী, অর্থনীতি বিভাগের সুমী ও তুফানী হাওলাদার, ইসলামিক স্টাডিজ বিভাগের মুন্নী, সমাজবিজ্ঞান বিভাগের খালেদা, মিতা ও আফিয়ার পরিচয় মিলেছে।
কলেজের অধ্যক্ষ হবিবুর রহমান জানান, এ ঘটনায় আজ সোমবার কলেজের সব ক্লাস-পরীক্ষা স্থগিত করা হয়েছে। শোক পালন করা হবে তিন দিন। নিহত ছাত্রীদের প্রত্যেকের পরিবারকে ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দুই বাসের চালককে আসামি করে মামলার প্রস্তুতি নিচ্ছে। ঘটনার পর থেকে বাসচালক ও তাঁর সহকারীর খোঁজ পাওয়া যাচ্ছে না। ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি করেছে জেলা প্রশাসন।