বাস উল্টে দুই মেডিকেল ছাত্রসহ তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের ছুটিতে আর বেড়ানো হলো না তাঁদের। তাঁরা চলে গেলেন চিরকালীন ছুটিতে। ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জে বৃহস্পতিবার দিবাগত রাতে বাস উল্টে সিলেট ওসমানী মেডিকেল কলেজের দুই ছাত্র প্রাণ হারিয়েছেন। এ সময় নিহত হন একজন পথচারী। আহত হয়েছেন আরও ১৯ শিক্ষার্থী। নিহত শিক্ষার্থীরা হলেন, ওই মেডিকেলের পঞ্চম বর্ষের ছাত্র মইন উ খান (২৫) ও চতুর্থ বর্ষের শহিদুল ইসলাম (২৪)। মইনের বাড়ি ফেনীর মাস্টারপাড়ায় ও শহিদুলের লক্ষ্মীপুরের বিরাহিমপুরে। নিহত পথচারী হলেন শায়েস্তাগঞ্জের সদরঘাট গ্রামের আবদুল মজিদ (৩০)।আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন মেডিকেলের শিক্ষার্থী ১৭ জন। নিহত দুই শিক্ষার্থী সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের। মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মধ্যে মোহামঞ্চদ নামের একজন ফিলিস্তিনি রয়েছেন। আহত ছাত্ররা জানান, ঈদের ছুটিতে তাঁরা সেন্ট মার্টিন বেড়াতে একসঙ্গে রওনা দেন। পথে তাঁদের বহনকারী বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীকে চাপা দিয়ে সড়কের পাশে খাদে উল্টে পড়ে। শেরপুর মহাসড়ক পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবীর বলেন, সিলেট থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় মামুন পরিবহনের একটি বাস (নম্বর চট্ট-মেট্রো-ব-১১-০২৯৮) ওই শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়। রাত পৌনে ১২টায় সদরঘাট বাজারে পৌঁছাতেই বাসের সামনে একজন পথচারী এসে পড়েন। এ সময় পথচারীকে চাপা দিয়ে বাসটি উল্টে পড়ে। বাসে আটকা পড়েন সব যাত্রী। খবর পেয়ে পুলিশ ও হবিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। দুর্ঘটনায় শিক্ষার্থীসহ ৩০ জন যাত্রীর সবাই কমবেশি আহত হয়েছেন। তবে শিক্ষার্থী ছাড়া অন্য যাত্রীদের অবস্থা গুরুতর না হওয়ায় তাঁরা কেউ হাসপাতালে ভর্তি হননি। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সূত্র জানায়, দুর্ঘটনার পর আহত ছাত্রদের রাত আড়াইটার দিকে হাসপাতালে আনা শুরু হয়। মইন উ খান ও শহিদুল ইসলামকে গুরুতর অবস্থায় অস্ত্রোপচারকক্ষে নেওয়ার আগেই তাঁরা মারা যান। অন্য ছাত্রদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের উপপরিচালক ইহতেশামুল হক চৌধুরী গতকাল ভোর পর্যন্ত সার্বিক চিকিৎসা কার্যক্রম তদারক করছিলেন। চিকিৎসাধীন শিক্ষার্থীরা জানান, বাসে যাত্রীদের মধ্যে তাঁরাই ছিলেন ২১ জন। ঈদের ছুটিতে সেন্ট মার্টিন বেড়াতে যাওয়ার জন্য তাঁরা একত্র হন। মধ্যরাতে দুর্ঘটনায় বাসের ভেতর শিক্ষার্থীরা প্রায় আধা ঘণ্টা আটকে ছিলেন। কয়েকজন শিক্ষার্থী জানান, তাঁদের অনেকেই ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ বাসটি দুলে ওঠে এবং তাঁরা কোনো কিছু বুঝে ওঠার আগেই সেটি খাদে পড়ে যায়। অন্ধকারের মধ্যে বাস থেকে বের হওয়ার চেষ্টায় সবাই ছিলেন ব্যস্ত। পরে স্থানীয় লোকজন ও মহাসড়ক পুলিশ উদ্ধার তৎপরতা শুরু করে। মইন উ খান কলেজ ছাত্রাবাস আবুসিনার ১০২৯ নম্বর কক্ষে থাকতেন। পরীক্ষা শেষ হতেই ঈদের ছুটি। ছুটি উপভোগ করতে সেন্ট মার্টিন বেড়াতে যাওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। বৃহস্পতিবার সকালে তাঁদের সিলেট রেলস্টেশন থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেসে রওনা হওয়ার কথা ছিল। কিন্তু পাহাড়িকার যাত্রা হঠাৎ বাতিল হওয়ায় মামুন পরিবহনের টিকিট কাটা হয়। মইনের সহপাঠী মোয়াজ্জেম হোসেন এসব কথা জানিয়ে প্রথম আলোকে বলেন, সে (মইন) যাত্রাকালে যাদের সঙ্গেই দেখা হয়েছে, ব্যস্ততার ভাব নিয়ে তাদের শুধু ‘বিদায় বিদায়’ বলছিল। এভাবে সে একেবারে বিদায় নেবে, তা কে জানত। মেডিকেল কলেজ জামে মসজিদ প্রাঙ্গণে গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে মইন ও শহিদুলের জানাজা হয়। পরে তাঁদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় সহপাঠীদের মধ্যে কান্নার রোল পড়ে যায়।